28 C
Kolkata
October 9, 2026
রাজ্য

অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে ইডির তল্লাশি, কড়া নিরাপত্তা

দুর্গাপুর: দুর্গাপুরের অন্ডালে বৃহস্পতিবার ভোর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্বাঞ্চল কোলফিল্ডস লিমিটেডের প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে তল্লাশি শুরু করেন। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।

অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর রিক্সাডাঙাল এলাকার বাসিন্দা দিলীপ মল্লিকের বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির বাইরে মোতায়েন রয়েছেন। তল্লাশির সময় বাড়িতে থাকা নথি ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে কোন মামলার সূত্র ধরে এই অভিযান, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে এই তল্লাশি ঘিরে এলাকায় জল্পনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন কলকাতার সল্টলেকে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর বাড়ি এবং এক ইঞ্জিনিয়ারের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। তার পরদিনই অন্ডালে এই অভিযান শুরু হওয়ায় ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

স্থানীয়দের দাবি, দিলীপ মল্লিক দীর্ঘদিন ইসিএলে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি পরিবার-সহ ওই বাড়িতেই বসবাস করছেন। এলাকায় তাঁর বিরুদ্ধে আগে কোনও বিতর্কের কথা শোনা যায়নি। তাই আচমকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান ঘিরে কৌতূহল বেড়েছে।

তল্লাশিতে কী উদ্ধার হয়েছে বা তদন্ত কোন দিকে এগোচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

Related posts

Leave a Comment