সংবাদ কলকাতা: বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই এখনও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ১৯টি বইয়ের মধ্যে রয়েছে রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড এবং ‘সঞ্চয়িতা’। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বইগুলি গ্রন্থাগারে জমা না পড়ায় এবার কড়া অবস্থান নিয়েছেন রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী গৌরীশংকর ঘোষ।
মঙ্গলবার সিউড়ির বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মন্ত্রী। সেখানেই বিধানসভা গ্রন্থাগারের বই ফেরত না দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়ে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে বই ফেরত না দিলে নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও বই ফেরতের ক্ষেত্রে আলাদা কোনও নিয়ম প্রযোজ্য হতে পারে না।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ইস্যু হওয়া বইগুলির বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বইগুলি তাঁর বাড়িতে নেই বলে জানানো হলেও সেগুলি বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী, বইগুলি আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিতে জমা না পড়া পর্যন্ত সেগুলিকে ‘ফেরত’ হিসেবে ধরা হচ্ছে না।
এই পরিস্থিতিতে বইগুলি দ্রুত গ্রন্থাগারে জমা দেওয়ার জন্য ফের বার্তা দেওয়া হয়েছে। তা না হলে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
