July 9, 2026
রাজ্য

২২ কোটি টাকার প্রতারণার অভিযোগে ইডির অভিযান

প্রতীকী চিত্র

কলকাতা-হাওড়া-রানাঘাটে একযোগে তল্লাশি

সংবাদ কলকাতা: চিটফান্ডের নামে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় একযোগে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার একটি ই-কমার্স সংস্থাকে ঘিরে ওঠা অভিযোগের তদন্তে হাওড়া, নদিয়া-সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালান।

এই মামলার সূত্রপাত কালীঘাটের এক বাসিন্দার অভিযোগকে কেন্দ্র করে। গত বছরের মে মাসে তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ‘জারাডোবিট অ্যান্ড জারাডোবিট ই-শপার্স প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা ২৫ মাসের লগ্নিতে প্রতি মাসে ৪ শতাংশ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে অন্তত ২২ কোটি টাকা সংগ্রহ করেছে। পরে সেই অর্থ আত্মসাৎ করে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।

অভিযোগপত্রে সংস্থার কলকাতার ফেয়ারলি প্লেসে দপ্তরের উল্লেখ রয়েছে। পাশাপাশি সংস্থার দুই পরিচালকের নামও তদন্তকারীদের হাতে আসে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে ইডি।

বৃহস্পতিবার হাওড়ার ব্যাঁটরায় সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযোগে উল্লিখিত পরিচালকদের মধ্যে একজনের নামও সৌরভ চট্টোপাধ্যায়। একই সময়ে নদিয়ার রানাঘাট সংলগ্ন কালীনারায়ণপুরে শুভ্রকান্তি নাগের বাড়িতেও অভিযান চালায় তদন্তকারী সংস্থা।

স্থানীয় সূত্রের দাবি, প্রায় দেড় বছর ধরে শুভ্রকান্তি নাগ এলাকায় থাকেন না। তাঁর ‘স্টক গুরুকুল’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শেয়ারবাজারে প্রশিক্ষণ ও বিনিয়োগের নামে অর্থ সংগ্রহ করে প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর অফিসও রেলস্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে।

ইডি সূত্রে খবর, ফেয়ারলি প্লেসকেন্দ্রিক প্রতারণা চক্রের সঙ্গে কালীনারায়ণপুরের এই ব্যবসায়ীর যোগাযোগের সূত্র মিলেছে। পাশাপাশি দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেনের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। প্রতারণার অর্থ বিদেশে পাচার হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

তল্লাশিতে কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Related posts

Leave a Comment