November 7, 2026
কলকাতা

বাগুইআটির পুকুরে মহিলার দেহ উদ্ধার, পরিচয় ঘিরে রহস্য

প্রতীকী চিত্র

সংবাদ কলকাতা: বাগুইআটির বাগুইপাড়া (Baguiati Baguipara) এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে স্নান করতে গিয়ে জলের মধ্যে দেহটি ভাসতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police Station)। পরে পুকুর থেকে দেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, মৃতার বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। তবে এখনও তাঁর পরিচয় জানা যায়নি। কী ভাবে ওই মহিলা পুকুরে পড়লেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

পুলিশের একাংশের ধারণা, প্রায় ২৪ ঘণ্টা আগে ওই মহিলা জলে তলিয়ে গিয়ে থাকতে পারেন। তবে এটি প্রাথমিক অনুমান মাত্র। জলে পড়ে দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মৃতার পরিচয় জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College and Hospital) পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মৃতার পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় বাগুইপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

Leave a Comment