November 7, 2026
রাজ্য

রবিবার হাকিমপুর সীমান্ত পরিদর্শনে মুখ্যমন্ত্রী, বিএসএফের সঙ্গে বৈঠক

সুভাষ পাল, বারাসত: রবিবার উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই সফরে সীমান্ত নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি সীমান্ত এলাকা ঘুরে দেখারও কর্মসূচি রয়েছে তাঁর। সীমান্ত সফরের পাশাপাশি একটি কালীপুজোর উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী।

সীমান্ত এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় সংক্রান্ত আলোচনা এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। বৈঠকে সীমান্তের নিরাপত্তা, নজরদারি এবং স্থানীয় পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। যদিও বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনও বিস্তারিতভাবে জানা যায়নি।

রবিবারের এই সফরকে ঘিরে হাকিমপুর সীমান্ত এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং সফরের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতাও থাকবে বলে মনে করা হচ্ছে। তবে সফরের বিস্তারিত সময়সূচি এবং বিএসএফের কোন পর্যায়ের আধিকারিকেরা বৈঠকে উপস্থিত থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।

কালীপুজোর উদ্বোধনকে কেন্দ্র করেও মুখ্যমন্ত্রীর এই সফরে স্থানীয় বাসিন্দা ও পুজো উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, হাকিমপুর সীমান্তের সোনাই নদী সংলগ্ন প্রায় ১৯ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এখানে বিএসএফ-এর একাধিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় মানুষের অনেক আপত্তি ও অভিযোগ রয়েছে। কোন এলাকা দিয়ে কাঁটাতার দেওয়া হবে। এবং কাঁটাতারের ভিতরে পড়ে যাওয়া বাড়িঘর ও কৃষিজমির জন্য ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। পাশাপাশি হাকিমপুর সীমান্তে চেকিংয়ের নামে স্থানীয় বাসিন্দাদের নিত্য হয়রানি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। যেখান থেকে বাংলাদেশে পারাপার এবং পাচার হয়, সেই সীমান্তের জিরো পয়েন্টে চৌকি না দিয়ে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় মানুষজনকে বিএসএফ-এর হয়রানি নিয়ে একাধিক আপত্তি রয়েছে। শুভেন্দুর এই সীমান্ত সফরে সেই বিষয়টি আলোচনায় উঠে আসে কিনা এখন সেটাই দেখার বিষয়।

Related posts

Leave a Comment