বেহালা: ‘বাইরের রাজ্য থেকে টাকা দিয়ে লোক আনা হচ্ছে’— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে সরাসরি খারিজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বেহালার সভা থেকে তিনি বলেন, ‘এত মানুষ কি বাইরে থেকে আনা সম্ভব? কেন মমতার কথা শুনবেন?’
নির্বাচনী সভা
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বিজেপি নাকি অন্য রাজ্য থেকে লোক এনে সভার ভিড় বাড়াচ্ছে। তার জবাবে অমিত শাহ বলেন, এই ধরনের দাবি বাস্তবসম্মত নয় এবং সাধারণ মানুষ তা বিশ্বাস করবে না।
সভা থেকে তিনি আরও দাবি করেন, রাজ্যে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে। তাঁর কথায়, ‘আমরা বড় ব্যবধানে জিততে চলেছি।’
অন্যদিকে, নির্বাচনের সময়ে সংঘর্ষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনও বড় সংঘর্ষ হচ্ছে না, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে।’ অতীতে রাজ্যে নির্বাচনের সময় মৃত্যুর ঘটনা ঘটত বলেও তিনি উল্লেখ করেন।
তবে বাস্তবে কিছু জায়গায় উত্তেজনার ছবি সামনে এসেছে। উত্তর ২৪ পরগনার জগতদলে রবিবার রাতে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ইট ছোড়া, গুলি এবং বোমা ব্যবহারের অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের পায়েও গুলি লাগে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে লাগানো পোস্টার ও পতাকা সরানো নিয়ে এই উত্তেজনা ছড়ায়।
এদিকে, দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে রাজ্যে প্রচার জোরদার হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সভা, রোড শো ও জনসংযোগে ব্যস্ত। প্রথম দফায় ৯২.০৩ শতাংশ ভোট পড়েছে, যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।
