31 C
Kolkata
April 27, 2026
রাজ্য

ভোটের আগে বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, এলাকায় উত্তেজনা

পূর্ব বর্ধমান: দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে বর্ধমান শহরে তৃণমূলের এক কাউন্সিলরকে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ু গোপাল ভকতকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্ধমান পরিস্থিতি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রপাত শনিবার। ওইদিন বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, সেই সময় নাড়ু গোপাল নিজেই এলাকায় দাঁড়িয়ে পুলিশকে ঢুকতে বাধা দেন। শুধু তাই নয়, পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বচসাও হয় বলে অভিযোগ।

পুলিশকে তিনি নাকি জানান, স্থানীয় কাউন্সিলরকে না জানিয়ে এলাকায় তদন্ত করা যাবে না। এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপর ভোটের মুখে, দ্বিতীয় দফার আগে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার তাঁকে জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

এদিকে, দ্বিতীয় দফার ভোট বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে সেইদিন ভোটগ্রহণ হবে। তার আগে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে কমিশন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে প্রশাসন সূত্রে খবর।

Related posts

Leave a Comment