ব্যারাকপুর — ব্যারাকপুর থেকে ধর্মতলা পর্যন্ত যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে চালু হল নতুন সরকারি এস-১১বি বাস পরিষেবা। মঙ্গলবার ব্যারাকপুর নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাল থেকে এই নতুন রুটের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। অনুষ্ঠানে পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
নতুন এই বাস পরিষেবা ব্যারাকপুর পুরনো কোর্ট সংলগ্ন বাস টার্মিনাল থেকে সোদপুর, ডানলপ, শ্যামবাজার ও সেন্ট্রাল মেট্রো স্টেশন হয়ে ধর্মতলা পর্যন্ত চলাচল করবে। প্রাথমিকভাবে তিনটি শীতাতপ নিয়ন্ত্রণবিহীন সরকারি বাস এই রুটে পরিষেবা দেবে। সকাল ৫টা ৪৫ মিনিট, ৬টা এবং ৬টা ৩০ মিনিটে ব্যারাকপুর থেকে বাস ছাড়বে। ধর্মতলা থেকে ফিরতি বাস ছাড়বে বিকেল ৫টা, ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টায়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ‘পরিবহন দপ্তরে চুরি বন্ধ করা গেলে সোনার বাসও চালানো সম্ভব।’ তাঁর দাবি, পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
মন্ত্রী আরও জানান, দুর্গাপুজোর আগেই কেন্দ্রীয় সরকারের সহায়তায় ৪৬৮টি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সরকারি বাস রাজ্যের রাস্তায় নামানো হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য ওই বাসগুলিতে সিসিটিভি ক্যামেরা-সহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও তিনি জানান।
অর্জুন সিং বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপরিবহন সম্প্রসারণ এবং যাত্রীদের নিরাপদ, দ্রুত ও আরামদায়ক পরিষেবা দেওয়ার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যারাকপুর-ধর্মতলা নতুন এস-১১বি বাস পরিষেবা সেই পরিকল্পনারই অংশ বলে তিনি উল্লেখ করেন।
