July 14, 2026
রাজ্য

২৫০ বছরের ঐতিহ্য নিয়ে পথে নামছে কান্দির লালাবাবুর রথ, রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদানে বাড়ছে জৌলুস

মুর্শিদাবাদ: রাঢ় বাংলার ঐতিহ্যবাহী কান্দি শহরে ফের গড়াবে প্রায় আড়াইশো বছরের পুরনো লালাবাবুর তিন রঙের রথ। আগামী বৃহস্পতিবার রথযাত্রাকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ ও মেলা কমিটি। এ বছর রাজ্য সরকারের ৫ লক্ষ টাকার আর্থিক অনুদানে উৎসবের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে।

জানা যায়, সিংহবংশীয় রাজা কৃষ্ণচন্দ্র সিংহ, যিনি লালাবাবু নামে পরিচিত, পুরী থেকে ফিরে এই ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনা করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত রাধাবল্লভ মন্দিরের রথই বর্তমানে কান্দির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রা হিসেবে পরিচিত।

সময়ের সঙ্গে লালাবাবুর ‘মাসির বাড়ি’ ভগ্নদশায় পৌঁছালেও রথযাত্রা ও মেলার প্রস্তুতিতে কোনও খামতি রাখা হয়নি। মন্দির চত্বর থেকে মেলার মাঠ— সর্বত্র চলছে সাজসজ্জা ও শেষ মুহূর্তের প্রস্তুতি।

ইতিহাসবিদদের মতে, কান্দি রাঢ় বাংলার অন্যতম প্রাচীন জনপদ। সিংহবংশীয় রাজপরিবারের হাত ধরেই এই অঞ্চলের বিকাশ ঘটে। ভক্তিমূলক জীবনযাপনের জন্য পরিচিত লালাবাবু প্রতিদিন কূলদেবতা রাধাবল্লভের আরাধনা করতেন এবং তাঁর উদ্যোগেই শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী রথযাত্রা।

প্রতি বছরের মতো এবারও রথযাত্রাকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ের প্রত্যাশা করছে প্রশাসন ও মেলা কমিটি।

Related posts

Leave a Comment