সংবাদ কলকাতা: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়লেন মহম্মদ রিজওয়ান, ইমাম উল হক, সাইম আয়ুবের মতো একাধিক ক্রিকেটার। তবে পুরুষদের তুলনায় মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে আরও বড়সড় কোপ পড়েছে। প্রত্যাশিত পারফরম্যান্স না থাকায় এক ধাক্কায় ১৩ জন মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলেছে পিসিবি।
গত বছর ২০ জন মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বার সেই সংখ্যা কমিয়ে করা হয়েছে মাত্র আট। অর্থাৎ, আগের তালিকা থেকে ১৩ জনকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে সুযোগ পেয়েছেন মাত্র এক জন ক্রিকেটার। তবে অধিনায়ক ফতিমা সানা এবং বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল নিজেদের জায়গা ধরে রেখেছেন। দু’জনেই রয়েছেন সর্বোচ্চ ক্যাটেগরি ‘এ’তে।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে মহিলা ক্রিকেটারদের তিনটি বিভাগে ভাগ করেছে পিসিবি। ক্যাটেগরি ‘এ’তে রয়েছেন ফতিমা সানা ও সাদিয়া ইকবাল। ক্যাটেগরি ‘বি’তে জায়গা পেয়েছেন সিদরা আমিন, নাসরা সান্ধু ও মুনিবা আলি। অন্যদিকে, ক্যাটেগরি ‘সি’তে রয়েছেন আয়েষা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামস। আয়েষা জাফরই এ বারের তালিকার একমাত্র নতুন মুখ। গত বছরের ক্যাটেগরি ‘ডি’ ও ‘ই’ সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় চুক্তি থেকে একসঙ্গে এত জন ক্রিকেটারকে বাদ দেওয়ার পিছনে পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেসকেও গুরুত্ব দিয়েছে পিসিবি। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম ও শারীরিক সক্ষমতা বিবেচনা করেই চুক্তির বিভাগ নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়মিত ফিটনেস পরীক্ষা করা হবে। সারা বছর নির্দিষ্ট ফিটনেসের মান বজায় রাখাও বাধ্যতামূলক।
পিসিবির এই সিদ্ধান্তে পাকিস্তানের মহিলা ক্রিকেটে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। বিশেষ করে গত বছরের তালিকা থেকে ১৩ জনের বাদ পড়া এবং মাত্র আট জনের সঙ্গে চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
