November 29, 2026
খেলা

মহারাষ্ট্র দলে নেই রুতুরাজ, রহস্যময় পোস্টে জল্পনা

সংবাদ কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে খেলতে দেখা যাচ্ছে না রুতুরাজ গায়কোয়াড়কে। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। তাঁকে কি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে? দল থেকেই কি বাদ পড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক? এই সব প্রশ্নের মাঝেই সমাজমাধ্যমে রহস্যময় পোস্ট করলেন রুতুরাজ।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের জলে অর্ধেক ডুবে ধ্যান করছেন রুতুরাজ। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আমি পারছি না। আমি এখন বিশ্রাম নিতে ব্যস্ত।’ তাঁর এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। যদিও তাঁর বক্তব্যে স্পষ্ট, আপাতত যাবতীয় জল্পনা থেকে দূরে থেকে বিশ্রামেই মন দিতে চান তিনি।

রুতুরাজের পাশে দাঁড়িয়েছে তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংসও। নিজেদের সমাজমাধ্যমের পাতায় রুতুরাজের পোস্টটি শেয়ার করেছে তারা। এর মাধ্যমে অধিনায়কের প্রতি সমর্থনের বার্তাই দিয়েছে চেন্নাই।

তবে মহারাষ্ট্র দল থেকে রুতুরাজকে বাদ দেওয়ার খবর পুরোপুরি ঠিক নয়। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ভারতীয় দলে থাকায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। পরে প্রতিযোগিতায় ফিরে পরের তিনটি ম্যাচ খেললেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

অসমের বিরুদ্ধে ৩৫ বলে ৪৪ রান করেছিলেন রুতুরাজ। এর পর মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৩ বলে ১৪ এবং ত্রিপুরার বিরুদ্ধে পাঁচ বলে মাত্র চার রান করেন। সব মিলিয়ে তিন ম্যাচে ১১৬.৯৮ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৬২ রান।

খারাপ ফর্মের কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে কি না, তা নিয়ে অবশ্য মহারাষ্ট্র দলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে টপ অর্ডারে পৃথ্বী শ, সাহিল পারেখ, রঞ্জিত নিগম এবং আরশিন কুলকর্ণীদের উপর ভরসা রেখেছিল মহারাষ্ট্র।

তবে রুতুরাজকে ছাড়াই শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের কাছে সাত উইকেটে হেরে যায় মহারাষ্ট্র। এই হারের ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

Related posts

Leave a Comment