মুর্শিদাবাদ, ৬ জুন ২০২৬: বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। শনিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন সাবলপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য সকেরা বিবির স্বামী সুফল রহমান, পঞ্চায়েতের দুই প্রাক্তন সদস্য প্রশান্ত কুমার পাল ও উৎপল বাগদি এবং মানিক বায়েন। শ্রীহট্ট গ্রামের এক বাসিন্দার লিখিত অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়।
অভিযোগে দাবি করা হয়েছে, বাংলা আবাস যোজনার অধীনে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক উপভোক্তার কাছ থেকে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। অভিযোগকারীর বক্তব্য, শুধু তাঁর কাছ থেকেই নয়, এলাকার আরও কয়েক জনের কাছ থেকেও একইভাবে টাকা তোলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্ত চলাকালীন ধৃতদের মধ্যে এক অভিযুক্ত বাংলা আবাস নির্মাণের জন্য টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেননি বলেও জানা গিয়েছে। তবে ওই অর্থ কী কারণে নেওয়া হয়েছিল এবং তা সরকারি প্রকল্পের সঙ্গে কতটা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই আর্থিক অনিয়মের সঙ্গে আরও ব্যক্তি জড়িত থাকতে পারেন। সেই কারণেই ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের দাবি, সরকারি প্রকল্পে দুর্নীতি সংক্রান্ত অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
