সংবাদ কলকাতা: ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন কি এ বার সত্যি হতে চলেছে? একই ম্যাচে খেলতে দেখা যেতে পারে লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মেসি ইতিমধ্যেই খেলার সম্মতি দিয়েছেন। এখন অপেক্ষা শুধু রোনাল্ডোর সবুজ সংকেতের। সব ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর প্রথম বার একই ম্যাচে মাঠে নামতে পারেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা।
আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে ওই দিন অনুষ্ঠিত হবে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ। বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বোনেরা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের নাম দেওয়া হয়েছে ‘আদিয়োস অ্যাপাচে’। তেভেজের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাক্তন সতীর্থদের নিয়ে গড়া দল খেলবে বোকা জুনিয়র্সের কিংবদন্তি ফুটবলারদের বিরুদ্ধে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর সঙ্গে একই দলে খেলেছেন তেভেজ। অন্য দিকে, আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে মেসির সতীর্থ ছিলেন তিনি। দু’জনে একসঙ্গে ৪৭টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে রয়েছে ২০১০ সালের বিশ্বকাপও। ফলে বিদায়ী ম্যাচে দুই প্রাক্তন সতীর্থকে পাশে পাওয়ার ইচ্ছা তেভেজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি ও রোনাল্ডোকে নিয়ে মজাও করেছেন তেভেজ। তাঁর কথায়, এই দুই তারকাকে সামলানোর দায়িত্ব দিতে হবে আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার রোলান্ডো শিয়াভিকে। তেভেজ বলেন, ‘মেসি বা ক্রিশ্চিয়ানো যদি শিয়াভির বিরুদ্ধে খেলতে নামে, তা হলে খুব মজা পাব। ওদের দেখতেই পাবে না। শিয়াভিকে আমার পরামর্শ, ওদের ছুটে আসতে দেখতেই পাবে না তুমি। ওরা তোমাকে চোখের পলকে মাটিতে ফেলে দেবে।’
তেভেজের বিদায়ী ম্যাচে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন একাধিক প্রাক্তন তারকা। তাঁদের তালিকায় রয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রিয়ো ফার্ডিনান্ড, ইতালির গোলকিপার জিয়ানলুইজি বুফন, জেভিয়ার মাসচেরানো, গঞ্জালো হিগুয়াইন, অ্যাঙ্খেল দি মারিয়া এবং গ্যাব্রিয়েল হেইঞ্জের মতো ফুটবলাররা।
তবে মেসি সম্মতি দিলেও রোনাল্ডো এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তাঁর সম্মতি মিললে ২০ ডিসেম্বরের ম্যাচটি বিশ্বফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় প্রদর্শনী ম্যাচ হয়ে উঠতে পারে।
previous post
