গাজিয়াবাদ— রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্কের আবহে গভীর তদন্তের দাবি জানালেন আচার্য প্রমোদ কৃষ্ণম। তাঁর বক্তব্য, এক বা দু’জনের পদত্যাগে বিষয়টির নিষ্পত্তি হবে না। প্রকৃত সত্য সামনে আনতে ঘটনার গভীরে গিয়ে তদন্ত করা প্রয়োজন।
শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আচার্য প্রমোদ কৃষ্ণম বলেন, ‘এটি কোনও ব্যবসায়ীর দোকান বা কারখানায় চুরির ঘটনা নয়। এটি কোটি কোটি মানুষের বিশ্বাস লুঠের ঘটনা। তাই এক-দু’জনের পদত্যাগে কিছুই হবে না।’
তিনি আরও বলেন, ‘এটি শুধু ২০০ কোটি টাকার বিষয় নয়, বরং প্রায় ১,০০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এই পাপ কারা করেছে, তা সম্পূর্ণ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আসা উচিত।’
আচার্য প্রমোদ কৃষ্ণমের দাবি, দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর আস্থা রাখেন। তাঁর কথায়, ‘মানুষের বিশ্বাস, এই ঘটনার স্বচ্ছ তদন্ত হবে। সেই কারণেই স্বচ্ছতা বজায় রাখতে পদত্যাগ প্রয়োজন ছিল। পদে থাকা যতটা গুরুত্বপূর্ণ নয়, ধর্ম রক্ষা করা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’
বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাম মন্দিরের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যারা আগে থেকেই রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল, তারাই এখন এই বিষয়টি নিয়ে রাজনীতি করছে। কিন্তু ভগবান রামের প্রতি মানুষের বিশ্বাস কোনওভাবেই কমবে না।’
উল্লেখ্য, রাম মন্দিরে অনুদান সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রাই এবং ট্রাস্টের সদস্য অনিল মিশ্র পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। প্রাথমিক তদন্তে অনুদান ব্যবস্থাপনায় একাধিক অনিয়মের ইঙ্গিত মেলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, এই ঘটনায় আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে মন্দিরের কর্মী, অনুদান গণনার দায়িত্বে থাকা কর্মী এবং কয়েক জন প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক রয়েছেন। তদন্তকারীদের অভিযোগ, পারস্পরিক যোগসাজশে মন্দিরের অনুদানের অর্থ তছরুপ করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, অনুদানের অর্থ কীভাবে আত্মসাৎ করা হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
