November 14, 2026
রাজ্য

অভাবকে হারিয়ে জাতীয় মঞ্চে সুরজিৎ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর— মাথার উপরে পাকা ছাদ নেই। টিনের বেড়া আর অ্যাসবেসটসের ছাউনির ছোট্ট ঘরেই পরিবারের সঙ্গে বসবাস। কিন্তু অভাবের সেই জীর্ণ ঘর থেকেই আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে পদক জয়ের স্বপ্ন দেখছে ১৭ বছরের সুরজিৎ কর্মকার। চরম আর্থিক প্রতিকূলতাকে সঙ্গী করেই জাতীয় স্তরের মুইথাই বক্সিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে নজর কেড়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদার এই কিশোর।

সুরজিতের সাফল্যের পিছনে রয়েছে কঠিন লড়াইয়ের কাহিনি। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। বাবা ছোট্ট একটি দোকান চালান। মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতে সাহায্য করেন। অভাবের সংসারে খেলাধুলার খরচ জোগানো তো দূরের কথা, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত নবম শ্রেণিতেই পড়াশোনায় ইতি টানতে হয় সুরজিৎকে।



তবে প্রতিকূল পরিস্থিতির কাছে হার মানেনি সে। নিজের প্রশিক্ষণের খরচ জোগাতে কখনও কাপড়ের দোকানে কাজ করেছে, আবার কখনও রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেছে। জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার খরচ জোগাড় করতেও দিনমজুরের কাজ করতে হয়েছে তাকে। একদিকে সংসারের টানাপড়েন, অন্যদিকে খেলোয়াড় হওয়ার অদম্য ইচ্ছা— এই দুইয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই এগিয়ে চলেছে সুরজিৎ।

মাত্র সাত বছর বয়সে মার্শাল আর্টের প্রতি আগ্রহ তৈরি হয় তার। প্রথমে ক্যারাটে দিয়ে খেলাধুলার জগতে পা রাখে সে। পরে মুইথাই বক্সিংয়ের প্রতি আকৃষ্ট হয়। সুরজিতের প্রতিভা এবং লড়াই করার মানসিকতা নজরে আসে স্থানীয় প্রশিক্ষক সুদীপ ভৌমিকের। এরপর তাঁর তত্ত্বাবধানে শুরু হয় নিয়মিত প্রশিক্ষণ। ধীরে ধীরে জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে জাতীয় মঞ্চে জায়গা করে নেয় সে।

সম্প্রতি উত্তরাখণ্ডে আয়োজিত সপ্তম উমাই ন্যাশনাল ইয়ুথ মুইথাই চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নেয় সুরজিৎ। গত ১ থেকে ৪ জুন অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৮ বিভাগের ৪৮ কেজি বিভাগে লড়াই করে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জেতে সে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এই সাফল্য নিঃসন্দেহে তার ক্রীড়াজীবনের বড় প্রাপ্তি।

তবে জাতীয় স্তরে পদক জিতলেও সুরজিতের লড়াই শেষ হয়নি। বরং এবার তার লক্ষ্য আরও বড়। টিনের বেড়ার ছোট্ট ঘরে বসেই অলিম্পিকের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে সে। আর সেই স্বপ্ন পূরণে প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা এবং উপযুক্ত পরিকাঠামো। অভাবের সঙ্গে লড়াই করে জাতীয় স্তরে পদক জেতা এই কিশোরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চেও বেলদার নাম উজ্জ্বল করতে পারে সুরজিৎ।

Related posts

Leave a Comment