June 26, 2026
রাজ্য

গ্রেপ্তার তৃণমূল উপপ্রধান, আদালতে যাওয়ার পথে ডিম-বিক্ষোভ ক্যানিংয়ে

ক্যানিং— দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূলের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দারকে আদালতে নিয়ে যাওয়ার পথে উত্তেজনা ছড়াল। থানা থেকে বের করে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় ধৃত নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং থানার সামনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই ক্যানিং থানার সামনে বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ জড়ো হতে শুরু করেন। পুলিশ ইন্দ্রজিৎ সর্দারকে থানার বাইরে নিয়ে আসতেই বিক্ষোভকারীরা ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের গাড়িতে ওঠার সময় ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে একের পর এক কাঁচা ডিম ছোড়া হয়। একটি ডিম তাঁর মাথায় লাগে বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কিছু সময় উত্তেজনা অব্যাহত থাকে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় দাদাগিরি, তোলাবাজি, কাটমানি আদায়, সাধারণ মানুষকে ভয় দেখানো, মারধর এবং বেআইনি অস্ত্র রাখার মতো একাধিক অভিযোগে অভিযুক্ত ছিলেন ইন্দ্রজিৎ সর্দার। এছাড়াও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ইন্দ্রজিৎ সর্দার পলাতক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। অস্ত্র আইনের মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য অভিযোগও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। আরও কেউ এই ঘটনায় জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

রাজ্যে আইনশৃঙ্খলা এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের অংশ হিসেবেই এই গ্রেপ্তারি বলে প্রশাসনিক সূত্রের দাবি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে আরও পদক্ষেপ করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Related posts

Leave a Comment