June 26, 2026
দেশ

মাদকমুক্ত ভারত গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান বিজেপি সভাপতি নীতিন নবীনের

দিল্লি— আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে দেশবাসীর কাছে মাদকমুক্ত ভারত গড়ার আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার মাদক পাচার ও মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়ে যাচ্ছে এবং এই লড়াইকে সফল করতে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় নীতিন নবীন বলেন, ‘আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত, সুস্থ ও শক্তিশালী ভারত গড়ার অঙ্গীকার করি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘নশা মুক্ত ভারত অভিযান’-এর মাধ্যমে মাদকাসক্তি রোধে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সীমান্তে নজরদারি বৃদ্ধি, দেশজুড়ে সচেতনতামূলক প্রচার এবং নেশামুক্তি ও পুনর্বাসন পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে।

বিজেপি সভাপতির বক্তব্য, দেশের যুব সমাজকে মাদকের কবল থেকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই সুস্থ সমাজ গড়ে তোলা এবং ‘বিকশিত ভারত’-এর ভিত্তি আরও শক্তিশালী হবে।

এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দিল্লিতে ‘নারকোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট ২০২৬-২০২৯’ প্রকাশ করেন। নারকো-কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষ বৈঠকে তিনি মাদক পাচারকারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর এবং আরও কঠোর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন। তাঁর মতে, গোয়েন্দা তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর কৌশল গ্রহণ করলেই মাদকচক্রের বিরুদ্ধে কার্যকর সাফল্য মিলবে।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৫ আগস্ট সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক দেশের ২৭২টি ঝুঁকিপূর্ণ জেলায় ‘নশা মুক্ত ভারত অভিযান’ শুরু করে। পরে ২০২৩ সালের ১৫ আগস্ট এই কর্মসূচি দেশের সমস্ত জেলায় সম্প্রসারিত হয়।

সরকারের দাবি, যুব সমাজ, মহিলা, শিশু, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন অংশকে যুক্ত করে মাদকাসক্তি প্রতিরোধে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি পুনর্বাসন এবং সচেতনতা বৃদ্ধির ওপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment