July 9, 2026
রাজ্য

পূর্বতন সরকারের বিরুদ্ধে শ্বেতপত্র তৈরির পথে শুভেন্দু সরকার

প্রতিনিধিত্বমূলক চিত্র

আজ বসছে মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক

সংবাদ কলকাতা: পূর্বতন সরকারের আমলে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে শ্বেতপত্র তৈরির প্রাথমিক রূপরেখা, বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহের পদ্ধতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি মাসেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একটি বিশেষ মন্ত্রিগোষ্ঠী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটির নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সদস্য হিসেবে রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায় এবং মন্ত্রী দিলীপ ঘোষ। প্রশাসনিক সূত্রের মতে, বিভিন্ন দপ্তরের তথ্য সমন্বয় করে একটি তথ্যভিত্তিক শ্বেতপত্র প্রকাশ করাই এই কমিটির প্রধান দায়িত্ব।

বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, গত ১৫ বছরে পূর্বতন সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে যে আর্থিক অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলির বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে। সেই লক্ষ্যেই শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

কয়েক দিন আগে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও জানান, পূর্বতন সরকারের আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যকলাপ, স্বাস্থ্য পরিষেবা, নারী নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে তথ্য সংগ্রহ করে শ্বেতপত্র প্রকাশ করা হবে। সরকারের দাবি, এই নথিতে সরকারি তথ্য, পরিসংখ্যান এবং নথিভুক্ত তথ্যের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।

নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবারের বৈঠকে বিভিন্ন দপ্তরের কাছ থেকে কীভাবে তথ্য সংগ্রহ করা হবে এবং কোন সময়সীমার মধ্যে রিপোর্ট প্রস্তুত করা হবে, তা নিয়ে আলোচনা হবে। বৈঠকের সুপারিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন মিললে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার উল্লেখ করেছেন। সরকারের দাবি, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment