30 C
Kolkata
September 15, 2026
রাজ্য

চন্দ্রনাথ রথ খুনে ২ কোটি টাকার সুপারি! ‘ভাইপো গ্যাং’-এর দিকে আঙুল শুভেন্দুর

সংবাদ কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় মধ্যমগ্রামে খুন হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। সেই হত্যাকাণ্ড ঘিরে ফের বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, চন্দ্রনাথ রথকে খুনের জন্য শুটারদের ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল। এই খুনের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর ইঙ্গিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে।

মঙ্গলবার চন্দ্রনাথ রথের খুনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যা খবর পেয়েছি তাতে চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং রয়েছে। ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছে শুটারদের।’ এখানেই থেমে থাকেননি তিনি। একাধিক কল রেকর্ডিং তিনি শুনেছেন বলেও দাবি করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, সেই রেকর্ডিংয়ে খুনের ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তার ইঙ্গিত স্পষ্ট।

শুভেন্দুর দাবি, ‘ভাইপো গ্যাং’ বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠদের বোঝানো হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল। তৃণমূলকে পরাজিত করে বাংলায় ক্ষমতায় আসে বিজেপি। তার ঠিক দু’দিন পরেই মধ্যমগ্রামে ঘটে চন্দ্রনাথ রথ খুনের ঘটনা। অভিযোগ, বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের সঙ্গী ও আপ্তসহায়ক হিসেবে পরিচিত চন্দ্রনাথের উপর এই হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে।

হত্যাকাণ্ডের তদন্তভার পরে নেয় সিবিআই। এখনও পর্যন্ত চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বা নেপথ্যে থাকা ব্যক্তিদের বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

এর মধ্যেই নন্দীগ্রাম উপনির্বাচনে চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে প্রার্থী করেছে বিজেপি। মঙ্গলবার তাঁর মনোনয়ন পেশের দিনই চন্দ্রনাথের খুনের নেপথ্য নিয়ে এই বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে পুরনো এই হত্যাকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে ফের নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

চন্দ্রনাথ রথ খুনের তদন্ত ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর এই নতুন অভিযোগের পর তদন্ত কোন দিকে এগোয় এবং কথিত কল রেকর্ডিং বা ২ কোটি টাকার সুপারি সংক্রান্ত কোনও তথ্য তদন্তে উঠে আসে কি না, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related posts

Leave a Comment