30 C
Kolkata
July 4, 2026
রাজ্য

রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান আইএএস দুষ্যন্ত নারিয়ালা

ফাইল চিত্র

সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালা। শনিবার রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (পিএঅ্যান্ডএআর) দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। পরে সমাজমাধ্যমে এই নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দুষ্যন্ত নারিয়ালা নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট (NSATI)-এর ডিরেক্টর জেনারেল এবং স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের (SNTCSSC) চেয়ারম্যানের দায়িত্বও সামলাচ্ছেন। এবার তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের নির্দেশেই এই নিয়োগ করা হয়েছে।

দুষ্যন্ত নারিয়ালা প্রশাসনিক মহলে অত্যন্ত অভিজ্ঞ আধিকারিক হিসেবে পরিচিত। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বও দেওয়া হয়েছিল। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক বিতর্ক, আইনি জটিলতা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যের স্কুল সার্ভিস কমিশন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই পরিস্থিতিতে কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দুষ্যন্ত নারিয়ালার নিয়োগকে প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভবিষ্যতে কমিশনের কাজকর্মে গতি আনা এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার ক্ষেত্রে তাঁর ভূমিকার দিকেই নজর থাকবে।

Related posts

Leave a Comment