November 9, 2026
রাজ্য

সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি, বাংলার ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী

‘সীমা মিত্র সম্মান’ চালুর ঘোষণা শুভেন্দুর

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসবে শামিল হয়ে নজির গড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্তে বিএসএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে আলোর উৎসব উদযাপন করেন তিনি। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সীমান্তে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন বলে দাবি করা হয়েছে।
দীপাবলি ও কালীপুজো উপলক্ষে জওয়ানদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে তুলে দেন মিষ্টি ও প্রদীপ। সীমান্তের প্রতিকূল পরিস্থিতিতে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তিনি। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সীমান্তরক্ষী বাহিনীর প্রতি রাজ্য সরকারের সম্মান ও শ্রদ্ধার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

দিন হিঙ্গলগঞ্জে দাঁড়িয়ে আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ চালুর ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। দেশের সীমান্ত রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিএসএফ, এসএসবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের এই সম্মান দেওয়া হবে। সম্মানপ্রাপকদের নাম চূড়ান্ত করার জন্য একটি নির্বাচক কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আগামী বছর থেকে বিএসএফ, এসএসবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের আমরা সীমা মিত্র সম্মান দেব।’

বাহিনীর প্রতি পূর্বতন সরকারের আচরণ নিয়েও এ দিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের আমলে বিএসএফ ও সিআরপিএফের প্রতি অবমাননাকর মন্তব্য এবং আচরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জওয়ানদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সীমান্ত সুরক্ষার পরিকাঠামো উন্নয়নে জমি হস্তান্তরের বিষয়টিও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফের প্রয়োজনীয় যে জমি আগের সরকারের আমলে আটকে ছিল, তা ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষার স্বার্থে ভবিষ্যতে আরও জমির প্রয়োজন হলে রাজ্য সরকার তা দিতেও প্রস্তুত। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সীমান্ত সুরক্ষিত করতে আরও জমির প্রয়োজন হলে, আমরা তা দেব।’

সীমান্ত সুরক্ষা, জওয়ানদের সম্মান এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য সরকারের সমন্বয়—এই তিনটি বিষয়কে সামনে রেখেই হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রীর দীপাবলি উদযাপনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment