সংবাদ কলকাতা: ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী বিপ্লবী ও বিস্মৃত বীরদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল Knowversity Foundation। ‘বন্দে মাতরম্: তাঁরা তাঁদের আগামীকাল উৎসর্গ করেছিলেন আমাদের আজকের জন্য’ শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
Knowversity Foundation-এর প্রতিষ্ঠাতা ড. শুভ্র চক্রবর্তীর পরিকল্পনা ও ভাবনায় এই কর্মসূচির সূচনা। পশ্চিমবঙ্গে সংস্থার এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন রাজ্য কনভেনর মঞ্জু মুখোপাধ্যায়। বিভিন্ন জনবহুল এলাকায় স্মারক ফ্লেক্স ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের জীবন, লড়াই এবং আত্মবলিদানের ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
এই প্রচারাভিযানে শ্রদ্ধা জানানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, বীণা দাস, কল্পনা দত্ত, সন্তোষ কুমার মিত্র, শহিদ বাদল গুপ্ত, তারকেশ্বর সেনগুপ্ত, মানিকচন্দ্র অধিকারী, মধুসূদন বণিক, সুনীতি চৌধুরী, রাসবিহারী বসু এবং বসন্ত বিশ্বাসের মতো বিপ্লবীদের।
পাশাপাশি ইতিহাসের পাতায় তুলনামূলকভাবে কম পরিচিত স্বাধীনতা সংগ্রামীদের অবদানও তুলে ধরা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন হৃদয় রঞ্জন চক্রবর্তী, পরীক্ষিতচন্দ্র মুখোপাধ্যায়, খড়্গবল্লভ দাস, বীরেন্দ্রচন্দ্র চৌধুরী, চিত্তপ্রিয় রায়চৌধুরী, প্রফুল্ল কুমার সেন, মনোরঞ্জন ভট্টাচার্য, দেবেন্দ্রনাথ ঘোষ, দেবকুমার ঘোষ, বসন্ত ধেঙ্কি, দিজেন্দ্রনাথ দাশগুপ্ত, নিরঞ্জন চক্রবর্তী, বিশ্বনাথ মল্লিক, অমূল্য কাঞ্চন দত্ত এবং দেবেশচন্দ্র কুণ্ডু।
সংস্থার এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হল স্বাধীনতা আন্দোলনের বিস্মৃত অধ্যায়গুলি জনসমক্ষে তুলে ধরা। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ সম্পর্কে আগ্রহ তৈরি করাও এই কর্মসূচির লক্ষ্য।
‘তাঁরা তাঁদের আগামীকাল উৎসর্গ করেছিলেন আমাদের আজকের জন্য’—এই বার্তাকে সামনে রেখেই স্বাধীনতা সংগ্রামের বীরদের স্মৃতি ও আদর্শ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে Knowversity Foundation।
previous post
