30 C
Kolkata
July 4, 2026
রাজ্য

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

বিসিজিবিএসের খরচ নিয়ে তোপ প্রাক্তন সরকারের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গে ধাপে ধাপে একাধিক প্রশাসনিক ও আইনি সংস্কার কার্যকর করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার আলিপুর নাগরিক সমিতির এক অনুষ্ঠানে তিনি জানান, আইনশৃঙ্খলা মজবুত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং রাজ্যকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তোলাই সরকারের মূল লক্ষ্য।

শিল্প বিনিয়োগের জন্য শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি, ভাঙচুর বা জোর করে ব্যবসা বন্ধ করার মতো ঘটনার বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে।

সম্প্রতি পাশ হওয়া পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬-এর (যা ‘গুন্ডা আইন’ নামে পরিচিত) উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের জেল হতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তিন গুণ ক্ষতিপূরণ এবং সুদ দেওয়ারও বিধান রয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট পাওয়ার পর পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ১৯৫০ সালের Slaughter Act কার্যকর করা শুরু হয়েছে এবং সব ধর্মীয় উৎসব এমনভাবে পালন করতে হবে যাতে সাধারণ মানুষের যাতায়াতে বাধা না সৃষ্টি হয়।

উন্নয়নমূলক কর্মসূচির প্রসঙ্গে শুভেন্দু বলেন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত, পিএম শ্রী, ন্যাশনাল হেলথ মিশন, উড়ান এবং সাগরমালা-সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করা হয়েছে। তাঁর দাবি, প্রায় ৭ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসক ও নার্স নিয়োগও করা হবে।

তিনি জানান, আদানি গোষ্ঠী নিউ টাউনে ২,০০০ শয্যার একটি হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার অর্ধেক শয্যা আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে।

পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কেটেছে, জোকা-বিমানবন্দর মেট্রোর কাজ এগোচ্ছে। এছাড়া ৬১টি রেল প্রকল্পের জন্য জমি দেওয়া হয়েছে এবং হাসিমারা ও কালাইকুণ্ডা বিমানবন্দরে বাণিজ্যিক পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিনের সভা থেকে পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS)-কে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। তাঁর অভিযোগ, এই সম্মেলন কেবলমাত্র প্রচারের হাতিয়ার হয়ে উঠেছিল। রাজ্যের অর্থ থেকে ৬০০ কোটিরও বেশি টাকা খরচ হলেও ঘোষিত বিনিয়োগ বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, শিল্প সংগঠন FICCI-কে ৩১১ কোটি টাকা দেওয়া হয়েছিল এবং বিজিবিএস আয়োজনের জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও ৬০০ কোটির বেশি টাকা দেওয়া হয়েছে। তাঁর দাবি, এই অভিযোগের সমর্থনে তাঁর কাছে নথিও রয়েছে।

শিল্পপতিদের উদ্দেশে তিনি বলেন, শুধুমাত্র সমঝোতা স্মারক (MoU) নয়, বিস্তারিত প্রকল্প রিপোর্ট (DPR) জমা দিতে হবে। ১০০ কোটির বেশি বিনিয়োগের প্রকল্পগুলিকে সিঙ্গল-উইন্ডো ব্যবস্থার মাধ্যমে দ্রুত ছাড়পত্র দেওয়া হবে। শিল্পোন্নয়নের জন্য সরকার ৫,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিলও গঠন করেছে বলে জানান তিনি।

সরকারি চাকরির নিয়োগ প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ করা হবে এবং কোনও রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

Related posts

Leave a Comment