চন্দননগর: প্রতিমার বিশালতা, চোখধাঁধানো আলোকসজ্জা আর বর্ণময় মণ্ডপ—চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আকর্ষণ বরাবরই আলাদা। কিন্তু সেই জাঁকজমকের মাঝেও মানুষের মন জয় করছে এক অন্য ছবি। ধর্মের বেড়াজাল ভেঙে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আয়োজন করেছেন পাদ্রীপাড়ার জগদ্ধাত্রী পুজো। কেউ প্রতিমা তৈরি করিয়েছেন, কেউ কিনেছেন দেবীর শাড়ি, কেউ সামলেছেন সাজসজ্জা, আবার কেউ নিয়েছেন বিসর্জনের দায়িত্ব। দীর্ঘ ৪৩ বছর ধরে এইভাবেই সম্প্রীতির বার্তা দিয়ে আসছে পাদ্রীপাড়ার পুজো।
এ বার পাদ্রীপাড়ার জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করিয়েছেন এলাকার বাসিন্দা ইমতিয়াজ হুসেন। প্রতিমা নির্মাণে তাঁর খরচ হয়েছে প্রায় ৫২ হাজার টাকা। অন্য দিকে, তাঁর ভাই শাহাবাজ হুসেন প্রায় ২০ হাজার টাকা খরচ করে দেবীর জন্য কিনেছেন চারটি বেনারসি শাড়ি। প্রতিমার সাজসজ্জা এবং চালচিত্র তৈরির দায়িত্ব সামলেছেন এলাকার বাসিন্দা অভিক দাশগুপ্ত। প্রতিমা নিরঞ্জনের দায়িত্ব নিয়েছেন পূর্ণেন্দু চ্যাটার্জী।
পুজো উদ্যোক্তাদের দাবি, এ বারের প্রতিমার উচ্চতা প্রায় ১৫ ফুট। চালচিত্র-সহ তা প্রায় ২৫ ফুট। হাওড়ার একটি গ্রামের শিল্পীরা দেবীর হাতে থাকা বিভিন্ন অস্ত্র তৈরি করেছেন। সেই অস্ত্র নির্মাণের গ্রামকেই এ বারের মণ্ডপসজ্জার থিমে তুলে ধরা হয়েছে। আকাশি রঙের বেনারসি এবং সোলার সাজে সেজেছেন দেবী হৈমন্তিকা।
তবে এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ শুধু প্রতিমা কিংবা মণ্ডপ নয়, বরং পুজোকে ঘিরে এলাকার মানুষের পারস্পরিক সহযোগিতা। পুজোমণ্ডপের ঠিক পাশেই রয়েছে একটি মসজিদ। একদিকে ভেসে আসে আজানের সুর, অন্য দিকে শোনা যায় পুরোহিতের মন্ত্রোচ্চারণ। কিন্তু দুইয়ের মধ্যে কোনও বিরোধ নেই। বরং দীর্ঘদিন ধরেই দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে শামিল হন।
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যে জমিতে প্রতিমা প্রতিষ্ঠা করা হয়েছে, সেটি মসজিদ কমিটির জমি। তার কিছুটা সামনেই রয়েছে পুজো কমিটির নিজস্ব জায়গা। প্রয়োজন অনুযায়ী দুই পক্ষই একে অপরের জমি ব্যবহার করেন। শুধু দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজো নয়, ঈদ এবং বড়দিনের অনুষ্ঠানেও এলাকার বাসিন্দারা একসঙ্গে আনন্দে মেতে ওঠেন।
শাহাবাজ হুসেনের কথায়, ছোটবেলা থেকেই তাঁরা সবাই একসঙ্গে বড় হয়েছেন। এর আগে পুজোর বিভিন্ন দায়িত্ব সামলেছেন। এ বার দেবীর শাড়ি কেনার দায়িত্ব নিয়েছেন তিনি। তাঁর দাদা প্রতিমা তৈরি করিয়েছেন। শাহাবাজের বক্তব্য, ‘আমরা সবাই এক। তাই একসঙ্গেই চলতে হবে। শুধু জগদ্ধাত্রী পুজো নয়, ঈদ, বড়দিন—সব উৎসব একসঙ্গেই পালন করি। আগামী দিনেও এই পরম্পরা বজায় থাকবে।’

পুজো কমিটির সদস্য রাজেন বৈরাগীও এই সম্প্রীতির ঐতিহ্য নিয়ে গর্বিত। তাঁর বক্তব্য, এলাকায় হিন্দু, মুসলিম বা খ্রিস্টান বলে কোনও বিভেদ নেই। প্রত্যেকের উৎসবে অন্য সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। যে জমিতে জগদ্ধাত্রী পুজো হয়, সেখানেই ঈদের অনুষ্ঠানও আয়োজন করা হয়। নবমীর ভোগ বিতরণের সময় গোটা পাড়া এক হয়ে যায়। মুসলিম পরিবারের সদস্যরা যেমন প্রতিমা ও শাড়ি দিয়ে সহযোগিতা করেছেন, তেমনই হিন্দু সম্প্রদায়ের মানুষও নিজেদের দায়িত্ব পালন করছেন।
পুজো দেখতে আসা লেলিসারও নজর কেড়েছে এই মিলেমিশে থাকার ছবি। তাঁর কথায়, এখানে ধর্মের ভিত্তিতে কোনও বাছবিচার নেই। কেউ শাড়ি দিয়েছেন, কেউ ফুল, আবার কেউ প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছেন। সবাই একসঙ্গে কাজ করছেন। এই দৃশ্যই তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।
পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক স্বপন সাহা জানান, ৪৩ বছর আগে এলাকার কয়েকজন ছোট ছেলের আবদার থেকেই এই পুজোর সূচনা হয়েছিল। তখন গ্রামে জগদ্ধাত্রী পুজোর তেমন প্রচলন ছিল না। সেই ছোট উদ্যোগই আজ বড় উৎসবে পরিণত হয়েছে। তাঁর বক্তব্য, ঈদ, বড়দিন-সহ সব উৎসবই এখানে একসঙ্গে পালন করা হয়। ধর্মের পরিচয়ের চেয়ে মানুষের পরিচয়ই তাঁদের কাছে বড়।
চন্দননগরের আলোর উৎসবের ভিড়ে পাদ্রীপাড়ার এই জগদ্ধাত্রী পুজো তাই শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। যেখানে প্রতিমার পাশে দাঁড়িয়ে একসঙ্গে উৎসব পালন করছেন বিভিন্ন ধর্মের মানুষ। ৪৩ বছরের এই ঐতিহ্যই প্রমাণ করছে, উৎসবের আসল আনন্দ মিলেমিশে থাকার মধ্যেই।
