November 18, 2026
রাজ্য

আদিবাসীদের বঞ্চিত করেছে মমতা সরকার, তোপ শুভেন্দুর

আলিপুরদুয়ার: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি প্রকল্প ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে আদিবাসীরা বঞ্চিত হয়েছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদল না হলে সেই বঞ্চনা আজও চলত। বুধবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ারের কুমারগ্রামে আয়োজিত জনজাতি গৌরব দিবসের সভা থেকে এভাবেই প্রাক্তন তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে একাধিক পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সভা শেষে আদিবাসীদের সঙ্গে গানের তালে নাচতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক।

সভা থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকার আদিবাসীদের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পূরণ করেনি। সরকারি প্রকল্পের সুবিধা থেকে বহু মানুষ বঞ্চিত হয়েছেন। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনজাতি সমাজের উন্নয়নে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে। ভবিষ্যতে কোনও আদিবাসী পরিবার যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।



আদিবাসীদের জন্য একাধিক প্রকল্পের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ভুয়ো এসটি শংসাপত্র বাতিল করা হবে। প্রকৃত যোগ্য ব্যক্তিরাই যাতে সরকারি আবাস যোজনার সুবিধা পান, তা নিশ্চিত করা হবে। পাশাপাশি জঙ্গল এলাকার বাসিন্দাদের জমির পাট্টা দেওয়ার কাজও নতুন সরকার শুরু করেছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, আগের সরকার প্রতিশ্রুতি দিয়েও বহু কাজ সম্পূর্ণ করেনি। বর্তমান সরকার সেই কাজগুলি বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে।

এ দিনের সভা থেকে রাজনৈতিক হিংসার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ওই ঘটনার তদন্তে পুরনো মামলার ফাইল নতুন করে খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে উত্তরবঙ্গের আইজিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দেন তিনি।

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ওই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। অভিযুক্তদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর মঞ্চকে সামনে রেখে একদিকে জনজাতি উন্নয়নের বার্তা, অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ—দুই দিকেই সরব হলেন শুভেন্দু অধিকারী।

Related posts

Leave a Comment