জম্মু ও কাশ্মীরের সরকারি স্কুলের লাইব্রেরিতে বিতরণ করা একটি বিতর্কিত বই অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিল রাজ্য সরকার। একই সঙ্গে বইটির প্রকাশ, অনুমোদন, ক্রয় এবং বিতরণের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরের স্কুল শিক্ষা দফতরের কমিশনার-সচিব রাম নিবাস শর্মা জানান, ‘Great Personalities and Legends’ নামে বইটি সমস্ত সরকারি স্কুল থেকে প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও শুরু হয়েছে। তাঁর বক্তব্য, ২০২৬ সালের জুন মাসে বইটি স্কুলগুলিতে সরবরাহ করা হয়েছিল এবং ৩ জুলাই তা প্রত্যাহার করা হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীর পিপলস ফোরাম (JKPF)-এর অভিযোগের পর। তাদের দাবি, সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় সরকারি স্কুলের লাইব্রেরিতে পাঠানো ওই বইয়ে বিচ্ছিন্নতাবাদী নেতা ও জঙ্গিদের ‘মহান ব্যক্তিত্ব’ এবং ‘কিংবদন্তি’ হিসেবে তুলে ধরা হয়েছে।
পরে বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মাও বিষয়টি নিয়ে সরব হন। সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, বইটি দেশবিরোধী ভাবধারাকে উৎসাহ দিচ্ছে। তিনি অবিলম্বে বইটি প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর অপসারণের দাবি জানান।
এরপরই সরকার বইটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে বিরোধী দল ও বিভিন্ন সংগঠনের তরফেও তীব্র সমালোচনা হয়। তাদের অভিযোগ, সরকারি স্কুলের লাইব্রেরিতে এমন আপত্তিকর বিষয়বস্তুর বই রাখা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA) অনুযায়ী, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পক্ষে প্রচারমূলক সাহিত্য বিতরণ গুরুতর অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তবে বিভিন্ন মামলায় আদালত জানিয়েছে, কেবল কোনও সাহিত্য রাখা বা বিতরণ নয়, তার উদ্দেশ্য ও কার্যকর প্রভাবও বিচার্য বিষয়।
