31 C
Kolkata
June 13, 2026
রাজ্য

জনতার দরবারে দুই সন্তানহারা মায়ের আর্তি, বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে শনিবার হাজির হলেন দুই সন্তানহারা মা। একজন বাঁশদ্রোণীর মহর্ষি বিদ্যামন্দিরের ছাত্র আয়ুষকুমার নাথের মা, অন্যজন বর্ধমান মেডিক্যাল কলেজের রহস্যমৃত্যুর শিকার ডাক্তারি পড়ুয়া অমর্ত্য ঘোষালের মা। দু’জনেই নিজেদের সন্তানের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন।

সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে আয়োজিত জনতার দরবারে আয়ুষের মা অভিযোগ করেন, অসুস্থ হয়ে পড়ার পরও স্কুল কর্তৃপক্ষ তাঁর ছেলের প্রতি প্রয়োজনীয় দায়িত্ব পালন করেনি। গত ১৩ মে স্কুলে অসুস্থ হয়ে পড়েছিল আয়ুষ। পরে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয় সে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২৪ মে তার মৃত্যু হয়। ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এদিন বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্র অমর্ত্য ঘোষালের মৃত্যুর বিচার চেয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁর মা। ২০২৪ সালে আরজি কর কাণ্ডের কয়েক মাস আগে অমর্ত্যের মৃত্যু হয়েছিল। পরিবারের অভিযোগ, তিনি থ্রেট কালচারের শিকার হয়েছিলেন। ঘটনার তদন্ত নিয়ে প্রথমে পুলিশের ভূমিকা এবং পরে সিআইডি তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে পরিবার।সূত্রের খবর, অমর্ত্যের মায়ের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের কথাও জানিয়েছেন তিনি।

জনতার দরবারে আরও এক মা তাঁর অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান। অর্থাভাবে চিকিৎসা আটকে রয়েছে বলে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান তিনি। সংশ্লিষ্ট সব ক্ষেত্রেই প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Related posts

Leave a Comment