তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। কলকাতার কালীঘাটে অভিষেকের বাসভবনের পাশাপাশি হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়েছে। তবে এখনও তাঁর খোঁজ মেলেনি|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমিতের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশে পাওয়া যায়। সেই সূত্র ধরেই শুক্রবার গভীর রাতে শালবনি থানার একটি দল সেখানে পৌঁছয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না মেলায় বাড়ির বাইরের তালা ভেঙে তল্লাশি চালানো হয়। কিন্তু সুমিতকে পাওয়া যায়নি।
এরপর পুলিশ পৌঁছয় শ্রীরামপুরের বিবেকানন্দ সরণিতে অবস্থিত সুমিতের শ্বশুরবাড়িতে। স্থানীয় সূত্রে খবর ছিল, তিনি নিয়মিত সেখানে যাতায়াত করতেন। তবে পরিবারের দাবি, গত কয়েক দিনে তিনি সেখানে যাননি।
পুলিশি তল্লাশিতে ক্ষোভ প্রকাশ করেছেন সুমিতের শাশুড়ি। তিনি অভিযোগ করেন, অযথা তাঁদের পরিবারকে হয়রানি করা হচ্ছে এবং ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুমিত কোথায় রয়েছেন তা তাঁর জানা নেই, পুলিশই তাঁকে খুঁজে বের করুক।
জানা গিয়েছে, একটি জমি সংক্রান্ত মামলার তদন্তের সূত্রে সুমিত রায়ের নাম সামনে এসেছে। সম্প্রতি ওই মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সুজয় হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে আর্থিক লেনদেনের সূত্র ধরে সুমিতের নাম উঠে এসেছে বলে দাবি পুলিশের।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, সুজয় হাজরার কাছ থেকে পাওয়া কিছু আর্থিক তথ্যের ভিত্তিতেই সুমিত রায়ের খোঁজ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে তাঁকে ট্র্যাক করা হচ্ছিল এবং মোবাইল লোকেশনের সূত্রে কালীঘাটে তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে তাঁর সন্ধানে একাধিক জায়গায় অভিযান চলছে।
