কলকাতা— নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকেই কড়া কিন্তু স্পষ্ট বার্তা দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে তিনি জানিয়ে দিলেন, সরকারের কাজের মূল লক্ষ্য হবে সাধারণ মানুষ, কোনও রাজনৈতিক দল নয়।
প্রশাসনিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য। তিনি বলেন, ‘আমাকে খুশি করতে “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা” লিখে লাভ নেই। অনুপ্রেরণা নয়, মানুষের জন্য বাস্তব কাজ হোক।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে প্রশাসনিক সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত দিল নতুন সরকার।
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) একসময় ‘ডু ইট নাও’ স্লোগান তুলে প্রশাসনিক গতি বাড়ানোর ডাক দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করছেন। তবে শুভেন্দু অধিকারী শুরু থেকেই সরাসরি প্রশাসনিক দায়বদ্ধতার উপর জোর দিয়েছেন।
সূত্রের খবর, বৈঠকে মোট দশটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব সচিবকে নিয়ে একটি বিশেষ যোগাযোগ গোষ্ঠী তৈরি করা হবে, যেখানে তিনি নিজেও যুক্ত থাকবেন। প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত নেওয়ার জন্য এই ব্যবস্থা কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।
একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, প্রকাশ্যে কোনও আধিকারিককে অপমান করার পক্ষে তিনি নন। সরকারি অনুষ্ঠানে আধিকারিকদের মর্যাদা বজায় রেখেই কাজ চলবে। তবে ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়ে দেন।
মুখ্যমন্ত্রী অতীত প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গও তোলেন। তাঁর বক্তব্য, গত পনেরো বছরে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অনেক আধিকারিক বাধ্য হয়ে কাজ করেছেন, তবুও অন্যায়ের বিরুদ্ধে মত প্রকাশ করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প (Central Project) দ্রুত চালুর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় তহবিল (Central Fund) দ্রুত আনার চেষ্টা করা হবে এবং উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর কথায়, ‘এখন কথা কম, কাজ বেশি।’
নির্বাচনী সংকল্পপত্র বাস্তবায়নের বিষয়েও তিনি কঠোর অবস্থান নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র নির্দেশ মেনেই প্রতিশ্রুতি পূরণে জোর দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
সবশেষে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে শুভেন্দু অধিকারীর বার্তা ছিল স্পষ্ট— ‘ভয় না পেয়ে কাজ করুন। যাঁরা মানুষের জন্য কাজ করবেন, সরকার তাঁদের পাশে থাকবে।’
