April 25, 2026
রাজ্য

ভোটের আগে রহস্যমৃত্যু, পূর্বস্থলীতে উদ্ধার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ

পূর্ব বর্ধমান — ভোট দিতে বাড়ি ফেরার কয়েকদিনের মধ্যেই মর্মান্তিক পরিণতি। Purbasthali থানার মোয়াইল এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে উদ্ধার হল এক পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মৃতের নাম শ্যামল মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ভিন রাজ্যে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। আগামী ২৯ এপ্রিল ভোট দেওয়ার জন্য কয়েকদিন আগে বাড়ি ফিরেছিলেন।

গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তিনি। পরিবারের তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি মাঠে তাঁর দেহ উদ্ধার হয়।

দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পায়ের বিভিন্ন অংশে পোড়ার দাগ পাওয়া গিয়েছে, চোখ-মুখেও গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতের পরিবারের দাবি, তাঁর কোনও ব্যক্তিগত শত্রু ছিল না। তবে তাঁকে খুন করা হয়েছে বলেই তাঁদের সন্দেহ। ভোটকে কেন্দ্র করে কোনও বিবাদ এই ঘটনার নেপথ্যে রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শ্যামল কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এই খুন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment