November 10, 2026
Uncategorized

বাজির দাপট রুখতে গিয়ে তিলজলা ও নেতাজিনগরে আক্রান্ত পুলিশ

কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি (Banned Fireworks) ফাটানো বন্ধ করতে গিয়ে কলকাতার দুই প্রান্তে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। তিলজলা ও নেতাজিনগরে (Tiljala and Netaji Nagar) পৃথক ঘটনায় পুলিশকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। এই দুই ঘটনায় মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। উৎসবের পর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চালানো বিশেষ অভিযানে অবশ্য আরও বড় পরিসরে পদক্ষেপ করেছে পুলিশ। ৯ নভেম্বরের অভিযানে মোট ৩২৭ জন গ্রেপ্তার হয়েছেন। নিষিদ্ধ বাজি ও বেআইনি মদ উদ্ধারের পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৯০টি মামলা দায়ের হয়েছে।

নেতাজিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে এন এস রোডে বাজি ফাটাচ্ছিলেন দুই যুবক। সেই সময় টহলরত দুই পুলিশকর্মী তাঁদের কাছে গিয়ে আদালতের নির্দেশ অমান্য করে এত রাতে বাজি ফাটানো হচ্ছে কেন, তা জানতে চান। যুবকরা দাবি করেন, তাঁরা শব্দবাজি ফাটাচ্ছেন না। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে দুই যুবক পুলিশকর্মীদের উপর চড়াও হন। রাস্তায় ফেলে তাঁদের মারধর করা হয়। এমনকী পুলিশকর্মীদের পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্তরা থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে রাহুল সিং ও মনীশ সিংকে গ্রেপ্তার করা হয়।

অন্য ঘটনাটি ঘটেছে তিলজলায়। সেখানে রাতে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে এক যুবককে বাধা দেন তিলজলা থানার পুলিশকর্মীরা। আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করার পরই বচসা বাধে। অভিযোগ, ওই যুবক এক পুলিশকর্মীকে মারধর করেন। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সায়ন বন্দ্যোপাধ্যায়।

শহরে সামগ্রিক অভিযানে নিষিদ্ধ বাজি মজুত বা ফাটানোর অভিযোগে ৭৪ জন এবং জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে ২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ১০৫.১ কেজি নিষিদ্ধ বাজি এবং ৪৬.০৭৫ লিটার বেআইনি মদ। ট্রাফিক আইন ভাঙার ৮৯০টি মামলার মধ্যে ৩৭৯টি হেলমেট ছাড়া মোটরবাইক চালানো, ১৫৬টি পিছনের যাত্রীর হেলমেট না থাকা, ১১৬টি বেপরোয়া গাড়ি চালানো এবং ১০০টি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দায়ের হয়েছে। বাকি ১৩৯টি মামলা অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য।

কলকাতা পুলিশের এক আধিকারিকের বক্তব্য, ‘গত কয়েক দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।’ জননিরাপত্তা বজায় রাখতে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন।

Related posts

Leave a Comment