November 10, 2026
রাজ্য

তিন বছর পূর্ণ না হলেও বদলি, মহিলা স্বাস্থ্য সহায়িকাদের স্বস্তি হাই কোর্টে

কলকাতা, ১০ নভেম্বর— নিজের জেলায় বদলির জন্য চাকরির মেয়াদ তিন বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় থাকতে হবে না মহিলা স্বাস্থ্য সহায়িকাদের। বিকল্প কর্মী বা ‘রিলিভার’ (Reliever) পাওয়া গেলে বদলির আবেদন বিবেচনা করতে হবে স্বাস্থ্য দফতরকে। অনলাইন পোর্টালে আবেদন করার সুযোগ না থাকলেও অফলাইনে আবেদন জমা দেওয়া যাবে। বাঁকুড়া ও পুরুলিয়ার বাসিন্দা কয়েক জন মহিলা স্বাস্থ্য সহায়িকার মামলায় এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি ঋষাদ মেদোরার এই নির্দেশে দীর্ঘদিন ধরে নিজের জেলায় ফেরার অপেক্ষায় থাকা কর্মীদের সামনে নতুন সুযোগ তৈরি হল।

মামলাকারী মৌমিতা মাহাতো-সহ কয়েক জন মহিলা স্বাস্থ্য সহায়িকা নিজেদের বাড়ির জেলায় বদলির আবেদন জানিয়েছিলেন। তাঁদের দাবি, সংশ্লিষ্ট জেলাগুলিতে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও স্বাস্থ্য দফতর তাঁদের আবেদন গ্রহণ করেনি। এর আগে আদালতের নির্দেশে স্বাস্থ্য দফতরের অধিকর্তা আবেদনগুলি বিবেচনা করেন। কিন্তু ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি যুক্তিগ্রাহ্য নির্দেশ দিয়ে আবেদন খারিজ করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা করেন তাঁরা।

আবেদনকারীদের আইনজীবী বিশ্বরূপ নন্দি আদালতে বলেন, চাকরির মেয়াদ তিন বছর পূর্ণ হয়নি, এই যুক্তিতে বদলির আবেদন বাতিল করা যায় না। রাজ্যের তরফে পাল্টা জানানো হয়, বিভিন্ন জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কর্মীর প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। কোনও কর্মীকে বদলি করলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ঋষাদ মেদোরা জানান, ২০২৪ সালের ২৯ জানুয়ারি এবং ২০২৬ সালের ৩১ জুলাইয়ের সরকারি বিজ্ঞপ্তিতে তিন বছরের চাকরির যে শর্ত রয়েছে, তা বাধ্যতামূলক নয়, বরং নির্দেশমূলক (Directory)। অর্থাৎ, তিন বছরের মেয়াদ পূর্ণ না হওয়াকে বদলির আবেদন বাতিলের একমাত্র ভিত্তি করা যাবে না।

তবে কর্মীদের সুবিধার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও আদালত গুরুত্ব দিয়েছে। সংশ্লিষ্ট সাব-সেন্টারে বিকল্প কর্মী পাওয়া গেলে তবেই বদলির আবেদন বিবেচনা করতে হবে। আবেদনকারীরা নতুন করে আবেদন করতে পারবেন। অনলাইন পোর্টালে আবেদন জমা দেওয়ার সুযোগ না থাকলে অফলাইনেও তা জমা দেওয়া যাবে। সরকারি বিজ্ঞপ্তির শর্ত, সিনিয়রিটি এবং জনস্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। ৯ নভেম্বর মামলার নিষ্পত্তি করে আদালত জানিয়ে দিয়েছে, তিন বছরের চাকরির শর্ত দেখিয়ে সরাসরি বদলির আবেদন খারিজ করা যাবে না।

Related posts

Leave a Comment