তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তর (Camac Street Office) কবে খুলবে, তা নিয়ে কলকাতা হাই কোর্টে ফের শুনানি হল। দপ্তর খোলার বিষয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত। গত ৩ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে বন্ধ থাকা অফিসের বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ করেছে, ফরেনসিক দল সেখানে গিয়েছে কি না, তা জানাতে হবে রাজ্যকে। তবে অবিলম্বে দপ্তর খোলার অনুমতি চেয়ে অবকাশকালীন বেঞ্চে আবেদন জানানো হলেও তা মঞ্জুর হয়নি। মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি ঋষাদ মেদোরা। আগামী ২৩ নভেম্বর পরবর্তী শুনানি।
সোমবার বিচারপতি মেদোরার বেঞ্চে মামলাটি ওঠে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) পক্ষে আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় ও অর্ক নাগ দত্ত আদালতে জানান, দপ্তরটি দ্রুত খুলে দেওয়ার অনুমতি প্রয়োজন। তাঁদের যুক্তি, ৩ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে অফিস বন্ধ থাকলেও সেখানে আলো, পাখা-সহ বিদ্যুতের সংযোগ চালু রয়েছে। এর ফলে অকারণে বিদ্যুতের খরচ হচ্ছে। পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ চালু থাকায় যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
আইনজীবীদের আরও বক্তব্য, ঘটনার পর পুলিশের এক ডিসি ফরেনসিক পরীক্ষার কথা জানিয়েছিলেন। কিন্তু সেই পরীক্ষা আদৌ হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। তাই দপ্তরের বর্তমান পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়। আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তিনি রিপোর্ট দেওয়ার জন্য সময় চান।
এর পর আদালত রাজ্যের কাছে জানতে চায়, দপ্তর খোলার বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে এবং ফরেনসিক দল (Forensic Team) সেখানে পরিদর্শনে গিয়েছে কি না। এই সংক্রান্ত তথ্য জানিয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। তবে অবকাশকালীন বেঞ্চে দপ্তর খোলার অনুমতি না মেলায় আপাতত বন্ধই থাকছে ক্যামাক স্ট্রিটের ওই কার্যালয়। ২৩ নভেম্বর নিয়মিত বেঞ্চে মামলাটির শুনানি হবে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ভোররাতে ওই দপ্তরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ ছিল, একদল দুষ্কৃতী কার্যালয়ে ঢুকে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করে। অভিষেকের দাবি, ভোর সাড়ে চারটে নাগাদ অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির দুষ্কৃতীরা সেখানে ঢুকে কর্মীদের মারধর, মোবাইল ফোন ছিনতাই এবং আসবাবপত্র ও বৈদ্যুতিন সরঞ্জাম ভাঙচুর করে। পুলিশকে ফোন করেও পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছিলেন তিনি। ওই ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। সমাজমাধ্যমে অভিষেক ঘটনাটিকে ‘আইনের শাসনের উপর লজ্জাজনক এবং নগ্ন আক্রমণ’ বলে উল্লেখ করেছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকা দপ্তরের দরজা খোলার বিষয়ে এখন পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট পক্ষ।
