হাথরাস, ২৬ জুন: অযোধ্যাকে ধর্মনগরী গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার হাথরাসে এক জনসভায় তিনি দাবি করেন, সমাজবাদী পার্টির শাসনকালে রামভক্তদের উপর গুলি চালানো হয়েছিল। তাই অযোধ্যার উন্নয়ন নিয়ে তাদের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়।
শনিবার সমাজমাধ্যম এক্স-এ অখিলেশ যাদব লিখেছিলেন, সমাজবাদী পার্টি আবার ক্ষমতায় এলে অযোধ্যাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধর্মনগরীতে পরিণত করা হবে, যেখানে দেশ-বিদেশের ভক্তরা প্রকৃত আধ্যাত্মিকতার অভিজ্ঞতা লাভ করবেন।
এই মন্তব্যের জবাব দিতে গিয়ে যোগী বলেন, “অখিলেশ যাদব বলছেন, ক্ষমতায় এলে অযোধ্যাকে ধর্মনগরী বানাবেন। কিন্তু আপনারা কী ধর্মনগরী বানাবেন? নিজেদের ইতিহাসের দিকে তাকান। আপনাদের সরকারই রামভক্তদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল।”
মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রামভক্তদের দীর্ঘ সংগ্রামের ফলে আজ অযোধ্যা তার ধর্মীয় ও সাংস্কৃতিক মর্যাদা ফিরে পেয়েছে। তাঁর কথায়, “আজ অযোধ্যা ত্রেতা যুগের স্মৃতি ফিরিয়ে আনছে। সেই পরিবর্তন দেখে এখন বিরোধীরাও অযোধ্যার কথা বলছে।”
সমাজবাদী পার্টির আমলে হিন্দু ধর্মীয় ঐতিহ্য উপেক্ষিত হয়েছিল বলেও অভিযোগ করেন যোগী। তিনি বলেন, সেই সময় পুলিশ স্টেশন ও জেলে কৃষ্ণ জন্মাষ্টমী উদ্যাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। পাশাপাশি দাবি করেন, বর্তমান বিজেপি সরকার হাথরাসে ২২টিরও বেশি মন্দিরের সৌন্দর্যায়নের কাজ করেছে, যা সমাজবাদী পার্টির আমলে সম্ভব হয়নি।
যোগীর অভিযোগ, আগে সরকারি অর্থ কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় করা হত, বর্তমানে সেই অর্থ মন্দির সংস্কার ও উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। তাঁর মতে, বিজেপি সরকারের আমলেই অযোধ্যার ধর্মীয় পরিচয় আরও সুদৃঢ় হয়েছে।
বিরোধী নেতাদের উদ্দেশে শেষ বার্তায় যোগী বলেন, “একবার রামলালার দর্শন করে আসুন, তাহলেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।”
