November 12, 2026
রাজ্য

স্ত্রীর জন্য বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার যাত্রী

কলকাতা — ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাননি। কিন্তু অফিস ছুটি না দেওয়ায় শেষ পর্যন্ত বিমানের উড়ান বাতিল করানোর পরিকল্পনা করেন সোদপুরের বাসিন্দা পার্থ প্রতিম নন্দী (৫৬)। এয়ার ইন্ডিয়ার বিমানের শৌচাগারে হাইজ্যাকের হুমকি লেখা চিরকুট রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় কর্মরত পার্থ প্রতিমের বুধবার সকালে মুম্বই হয়ে আফ্রিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী। এমন পরিস্থিতিতে স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে রাজি ছিলেন না তিনি। কর্মস্থলে বিদেশযাত্রা বাতিলের আবেদন জানালেও তা মঞ্জুর হয়নি বলে অভিযোগ।

এর পরেই উড়ান বাতিল করানোর জন্য বিপজ্জনক পথ বেছে নেন তিনি। অভিযোগ, বুধবার সকালে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ বিমানের পিছনের শৌচাগারে হাইজ্যাকের হুমকি লেখা একটি চিরকুট রেখে দেন পার্থ প্রতিম।

সকাল ১০টা ২০ মিনিট নাগাদ বিমানটি রানওয়ের দিকে এগোনোর সময় বিষয়টি নজরে আসে বিমানকর্মীদের। সঙ্গে সঙ্গে পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে জরুরি বার্তা পাঠান। বিমানবন্দরে জারি করা হয় হাই অ্যালার্ট। বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। সিআইএসএফ, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড যৌথভাবে তল্লাশি চালায়। তবে বিমানে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। ওই বিমানে ১০৫ জন যাত্রী ছিলেন।

ঘটনার তদন্তে নেমে বিমানবন্দর থানার পুলিশ ও নিরাপত্তা আধিকারিকেরা যাত্রীদের হাতের লেখার নমুনা সংগ্রহ করেন। উদ্ধার হওয়া চিরকুটের লেখার সঙ্গে পার্থ প্রতিমের হাতের লেখার মিল পাওয়া যায় বলে তদন্তকারীদের দাবি। এর পর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেন ধৃত। স্ত্রীর অসুস্থতা এবং পারিবারিক পরিস্থিতির কারণে মানসিক চাপে ছিলেন বলে জানান তিনি। তাঁর উদ্দেশ্য ছিল, হাইজ্যাকের হুমকিতে আতঙ্ক তৈরি হলে বিমানটির উড়ান বাতিল হবে এবং তাঁকে বিদেশে যেতে হবে না।

তবে এই ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশে আপাতত পাঁচ দিন পুলিশি হেফাজতে থাকবেন পার্থ প্রতিম।

Related posts

Leave a Comment