ছটপুজোর আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। কিন্তু সেই আনন্দযাত্রাই শেষ হল ভয়াবহ দুর্ঘটনায়। নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি ইলেকট্রিক মাইক্রোবাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার সকালে নেপালের মাকওয়ানপুর জেলায় দুর্ঘটনাটি ঘটে।
নেপালের সংবাদমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে কাঠমান্ডু থেকে হেটৌডার দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। গাড়িতে ছিলেন সারলাহি জেলার বাসিন্দারা। ছটপুজো উপলক্ষে পরিবারের সঙ্গে উৎসব কাটাতে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় ভীমফেদি গ্রামীণ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিসাপানি গঢ়ি এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। মৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন মহিলা এবং দুই কিশোরী রয়েছে। এখনও পর্যন্ত দু’জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন গাড়ির চালক রবি শঙ্কর কুমার মণ্ডল এবং সুবেক যাদব। বাকি আট জনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও নিরাপত্তাবাহিনীর কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। পাহাড়ি ও দুর্গম এলাকায় প্রায় ৭০০ মিটার গভীর খাদ থেকে যাত্রীদের উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। এই ভয়াবহ দুর্ঘটনার মধ্যেও আশার আলো হয়ে দেখা দিয়েছে তিন বছরের এক শিশু। দুর্ঘটনাস্থলের উপরের একটি ঢাল থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে হেটৌডা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের নাম মুকেশ যাদব, দেবেন্দ্র যাদব, সঞ্জয় যাদব, সুজন যাদব এবং সক্ষম যাদব। তাঁদের চিকিৎসা চলছে।
মাকওয়ানপুর জেলা পুলিশের সুপার শ্যাম খত্রী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন। কী কারণে পাহাড়ি রাস্তায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালেন, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।
ছটপুজোর আগে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যাত্রীদের পরিবারে। উৎসবের আনন্দে বাড়ি ফেরার পথে যে এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছিল, তা কল্পনাও করতে পারেননি কেউ।
previous post
