কলকাতা, ১২ নভেম্বর — দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও কড়া নিরাপত্তায় মোড়া বিমানবন্দর কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। অথচ সেই বিমানবন্দরের রানওয়েতেই ঢুকে পড়ল একটি পথকুকুর। পাইলটের সতর্ক নজর এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপে অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। বুধবারের এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতা থেকে রাঁচিগামী ইন্ডিগোর একটি বিমান ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। রানওয়েতে পৌঁছে টেক অফের ঠিক আগের মুহূর্তে পাইলট দেখতে পান, একটি কুকুর রানওয়ের উপর ঘুরে বেড়াচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে কলকাতা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান তিনি।
এদিকে, ঠিক সেই সময় চেন্নাই থেকে আসা ইন্ডিগোর আরও একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। রানওয়েতে কুকুর থাকার খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করেন এটিসি আধিকারিকরা। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিমানটিকে কলকাতায় অবতরণের অনুমতি না দিয়ে বিকল্প বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে বিমানটি নিরাপদে অণ্ডাল বিমানবন্দরের দিকে রওনা দেয়।
পাইলটের সময়োচিত সতর্কতা এবং এটিসি-র তৎপরতায় দুটি বিমানের যাত্রীদের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়। তবে এই ঘটনা কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। রানওয়ের মতো অত্যন্ত সংরক্ষিত এলাকায় কীভাবে একটি পথকুকুর ঢুকে পড়ল, তা খতিয়ে দেখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তারক্ষীদের নজরদারি এবং বিমানবন্দরের সীমানা সুরক্ষার ব্যবস্থাতেও কোনও ফাঁক ছিল কি না, তা নিয়ে তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, বুধবার সকালেই কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান হাইজ্যাকের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় সোদপুরের এক যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে ছেড়ে আফ্রিকার একটি দেশে কাজে যেতে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, অফিসের তরফে ইচ্ছার বিরুদ্ধে তাঁকে বিদেশে পাঠানোর চেষ্টা হচ্ছিল। সেই যাত্রা আটকাতেই বিমান হাইজ্যাকের ভুয়ো হুমকির গল্প সাজান তিনি। একই দিনে পরপর দুটি ঘটনায় কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ল।
previous post
