July 14, 2026
রাজ্য

৩৩ আইপিএস-ডব্লিউবিপিএস অফিসারের ব্যাপক রদবদল, সিআইডি থেকে সরলেন সুপ্রতিম, বড় দায়িত্বে জয়রামন

কলকাতা — রাজ্য পুলিশের প্রশাসনিক কাঠামোয় আরও এক দফা বড় রদবদল করল শুভেন্দু অধিকারীর সরকার। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, একসঙ্গে ৩৩ জন আইপিএস এবং ডব্লিউবিপিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এই রদবদলে সিআইডির এডিজি পদ থেকে সরিয়ে সুপ্রতিম সরকারকে টেলিকমিউনিকেশন শাখার এডিজি করা হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক অপরাধ দমন শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ আইপিএস আধিকারিক কে. জয়রামনকে।

ধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয়েছিল সুপ্রতিম সরকারকে। পরে তিনি সিআইডির এডিজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁকে টেলিকমিউনিকেশন শাখায় পাঠানো হয়েছে। অন্যদিকে, বিধাননগরের পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্বকে ট্রাফিক ও সড়ক নিরাপত্তা শাখার এডিজি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন বিধাননগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন অমিতকুমার রাঠৌর, যিনি এতদিন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন।

সরকারি সূত্রের দাবি, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই কে. জয়রামনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দুর্নীতির তদন্তে তাঁর ভূমিকা প্রশাসনিক মহলে প্রশংসিত হয়েছিল। সম্প্রতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে গঠিত কমিশনের সদস্য-সচিব হিসেবেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে ২০০৪ ব্যাচের আইপিএস প্রবীণ ত্রিপাঠীকে হোমগার্ডের আইজি করা হয়েছে। অতীতে তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান, হাওড়া এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। সম্প্রতি তিনি রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সে কর্মরত ছিলেন।

দক্ষিণ ২৪ পরগনায় সাম্প্রতিক একাধিক অপরাধের ঘটনার পর বারুইপুর পুলিশ জেলাতেও প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। অতীশ বিশ্বাসকে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। পিনাকী দত্তকে ডিআইবি-র অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া প্রেসিডেন্সি সংশোধনাগারে মোবাইল উদ্ধারের ঘটনায় প্রশংসিত আইপিএস নটরাজন রমেশ বাবুকে ডিজি সিআইডি করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি কারা দপ্তরের ডিজির দায়িত্বও পালন করবেন। এই রদবদলের তালিকায় আনন্দ কুমার, বিশাল গর্গ, সুকেশকুমার জৈন, সুধীরকুমার নীলাকান্তম, ডেভিড ইভান লেপচা, দীনেশ কুমার, প্রদীপকুমার যাদব, বিশপ সরকার, ওয়াই এস জগন্নাথরাও, প্রতীক্ষা ঝাড়খরিয়া এবং যশপ্রীত সিংহ-সহ আরও একাধিক আধিকারিকের নাম রয়েছে।

Related posts

Leave a Comment