29 C
Kolkata
October 4, 2026
রাজ্য

নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ নয়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যের সরকারি নিয়োগ প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, সিনিয়র আইএএস আধিকারিক দুশ্যন্ত নারিয়ালা-কে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।

শনিবার সমাজমাধ্যম ‘এক্স’-এ (প্রাক্তন টুইটার) এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্বচ্ছ, মেধাভিত্তিক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ ব্যবস্থা গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে কোনও রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ সংক্রান্ত কোনও কমিশন বা কমিটির নেতৃত্বে রাখা হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য বাজেটে শূন্যপদে নিয়োগের ঘোষণা করার সময়ই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে যুক্ত করা হবে না। সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হচ্ছে।

বর্তমানে দুশ্যন্ত নারিয়ালা দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান (NSATI) এবং এসএনটিসিএসএসসি-র চেয়ারম্যানের দায়িত্বও সামলাচ্ছেন। এবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর সরকারের লক্ষ্য ইউপিএসসি-র আদলে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলা। সরকারি চাকরিতে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, কোনও রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, আগের সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষা এবং সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।রাজ্যের তরুণ-তরুণীদের জন্য ন্যায্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রশাসনিক সংস্কারের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment