November 24, 2026
রাজ্য

ঠাকুরবাড়িতে ফের বিভাজনের ছবি

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ— ঠাকুরবাড়িকে ভাগ হতে দেবেন না বলে সম্প্রতি ঠাকুরনগরে দাঁড়িয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর সেই মন্তব্যের মাত্র ২৩ দিনের মাথায় ঠাকুরবাড়ির অন্দরে ফের বিভাজনের ছবি সামনে এল। মতুয়া মহাসংঘের কমিটি গঠনকে কেন্দ্র করে আলাদা পথে হাঁটলেন দুই ভাই শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর। দুই ভাইয়ের উদ্যোগে আলাদা আলাদা কমিটি ঘোষণাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে মতুয়া সমাজে।

যদিও এই বিভাজনের অভিযোগ মানতে নারাজ দুই ভাইয়ের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। দুই কমিটির প্রধান সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করা মঞ্জুল কৃষ্ণের বক্তব্য, ‘আমাদের ঠাকুরবাড়িতে কোনও বিভাজন নেই। আমরা সকলে এক।’ অন্যদিকে, সুব্রত ঠাকুরের দাবি, কোটি কোটি মতুয়া ভক্তের কাছে পরিষেবা পৌঁছে দিতেই দুটি কমিটি তৈরি করা হয়েছে। তাঁর বক্তব্য, এর পিছনে বিভাজনের কোনও উদ্দেশ্য নেই।

ঠাকুরবাড়ির অন্দরে সংগঠন নিয়ে টানাপড়েন অবশ্য নতুন নয়। তৃণমূল জমানায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মধ্যে দুটি পৃথক কমিটি তৈরি হয়েছিল। একটির নেতৃত্বে ছিলেন মমতা ঠাকুর। অন্যটির দায়িত্বে ছিলেন শান্তনু ও সুব্রত ঠাকুর। পরবর্তী সময়ে ২০২৫ সালে দুই ভাইয়ের সম্পর্কের দূরত্ব নিয়ে জল্পনা ছড়ায়। সেই সময় পৃথক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ঘোষণা করেন সুব্রত ঠাকুর। এর ফলে একই নামে তিনটি সংগঠনের অস্তিত্ব সামনে আসে।

এরপর রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিভাজন নিয়ে তৃণমূলকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তাঁর স্পষ্ট বার্তা ছিল, ঠাকুরবাড়িকে ভাগ হতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পর মতুয়া সমাজের একাংশের মধ্যে আশা তৈরি হয়েছিল, দুই ভাইয়ের মধ্যে হয়তো দূরত্ব কমবে এবং সংগঠনের ক্ষেত্রে ঐক্যের ছবি দেখা যাবে। কিন্তু ২৩ দিনের মধ্যেই সেই আশায় ধাক্কা লাগল।



প্রতি বছরের মতো এবারও রাস উৎসব উপলক্ষে ঠাকুরবাড়িতে মতুয়া সম্মেলন এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কমিটি পুনর্নবীকরণের আয়োজন করা হয়। তবে এবার সেই অনুষ্ঠান ঘিরেই সামনে এল পৃথক আয়োজনের ছবি। শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনুষ্ঠান হয় ঠাকুরবাড়ির নাটমন্দিরে। অন্যদিকে, সুব্রত ঠাকুর নিজের ঘরের সামনে আলাদা অনুষ্ঠানের আয়োজন করেন।

উল্লেখযোগ্য বিষয় হল, দুই জায়গাতেই উপস্থিত ছিলেন শান্তনু ও সুব্রতর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। শান্তনু ঠাকুরের আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা করেন তিনি। ফলে একই দিনে দুই ভাইয়ের পৃথক অনুষ্ঠান এবং পৃথক কমিটির ঘোষণা ঘিরে ঠাকুরবাড়ির সাংগঠনিক ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বিভাজনের কথা অস্বীকার করলেও বাস্তবে দুই ভাইয়ের পৃথক আয়োজন মতুয়া সমাজের রাজনৈতিক ও সাংগঠনিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। মুখ্যমন্ত্রীর ঐক্যের বার্তার পরেও ঠাকুরবাড়ির দুই শিবিরের মধ্যে দূরত্ব কতটা কমল, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।

Related posts

Leave a Comment