নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ—রাজ্যে গোহত্যা ও অবৈধ পশু পাচার রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান। মঙ্গলবার ভোররাতে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার শেখদিঘির হাজিপুর এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, সেখানে গোপনে গোহত্যা করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাজ্যে গোহত্যা ও অবৈধ পশু পাচার বন্ধে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বার্তার পরই জেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়। এরই মধ্যে মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন জায়গায় হানা দেয়। সেখানে পশু হত্যার অভিযোগ সামনে আসতেই গোটা এলাকা ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। এরপর ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।
ধৃতদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, উদ্ধার হওয়া মাংস কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া মাংসও মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর গোহত্যা নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে দেন, রাজ্যে কোনওভাবেই গোহত্যা বরদাস্ত করা হবে না। আইন থাকা সত্ত্বেও গোপনে এই ধরনের কাজ চললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে শীঘ্রই আরও কড়া আইন আনার কথাও ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরদিনই মুর্শিদাবাদের সাগরদিঘিতে পুলিশের এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ধৃতদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগে মামলা দায়ের হয়েছে এবং তদন্তে আর কারও নাম উঠে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।
