November 24, 2026
দেশ বিদেশ

হাসিনাকে গ্রেপ্তারের হুঁশিয়ারি ঢাকার

ঢাকা—শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই কড়া বার্তা দিল বাংলাদেশের তারেক রহমান সরকার। দিল্লি-সহ বিদেশে বাংলাদেশের যে কোনও দূতাবাস বা হাইকমিশনে হাজির হলেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর এই ঘোষণাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, হাসিনার দেশে ফেরার পথ কি তবে অন্য কোনওভাবে খুলতে চলেছে?

মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামা ওবায়েদ ইসলাম জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কোনও বিমান, হেলিকপ্টার, বাস বা গাড়ি পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি। তবে তিনি নিজে থেকে দেশে ফিরতে চাইলে তাঁকে গ্রেপ্তার করা হবে। বিদেশ প্রতিমন্ত্রীর কথায়, ‘তাঁকে প্লেন পাঠানো, হেলিকপ্টার পাঠানো, বাস পাঠানো, গাড়ি পাঠানো, রিকশা পাঠানোর কোনও কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি। তাঁকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হবে। জেলে যেতে হবে। এর কোনও ব্যত্যয় ঘটবে না।’

শুধু তাই নয়, দিল্লি-সহ বিদেশে বাংলাদেশের যে কোনও কূটনৈতিক মিশনে শেখ হাসিনা উপস্থিত হলেও তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শামা। তাঁর এই বক্তব্য এমন সময়ে সামনে এল, যখন আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর ছড়িয়েছে আওয়ামি লিগের নেত্রীকে নিয়ে। সেই উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের কাছে সরকারি বিমান পাঠানোর আবেদনও জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।

তবে শেখ হাসিনার জন্য বিমান পাঠানোর সম্ভাবনা যে নেই, তা বিদেশ প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। ফলে এখন আলোচনায় উঠে আসছে দেশে ফেরার বিকল্প পথগুলি। এর মধ্যে অন্যতম হল দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গিয়ে দেশে ফেরার আবেদন জানানো। সাম্প্রতিক একাধিক আলোচনায় উঠে এসেছে, বিদেশে থাকা কোনও নাগরিক নিজের দেশের দূতাবাসের মাধ্যমে দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন। যদিও দূতাবাসে প্রবেশের অনুমতি এবং পরবর্তী পদক্ষেপ সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।


এই পরিস্থিতিতে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের সরকারের অবস্থানও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আওয়ামি লিগের দাবি, শেখ হাসিনা দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান এবং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার চান। তাঁর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরেও দেশে ফেরার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন বলে দাবি করছে দলটি। তবে দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে, তা বাংলাদেশের সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম উপদেষ্টা জাহেদ উর রহমানও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চায়। তাঁর বক্তব্য, ‘আমরা শেখ হাসিনার প্রত্যর্পণ চাই। তিনি নিজেই যদি আসতে চান, তাহলে প্রত্যর্পণের পথ আরও সহজ হয়ে যাবে।’ এই মন্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের সরকারের অবস্থানে কোনও পরিবর্তন হচ্ছে কি না।

উল্লেখ্য, এর আগে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা অন্য ভ্রমণ নথি দেওয়া হবে কি না, তা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সরকারের তরফে প্রত্যাবর্তনের জন্য সরাসরি সহযোগিতার কোনও ইঙ্গিত না মেলায় বিকল্প পথ নিয়ে আলোচনা শুরু হয়। রাজনৈতিক ও আইনজ্ঞ মহলের একাংশের প্রশ্ন, শেখ হাসিনা যদি স্বেচ্ছায় দেশে ফিরে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে চান, তা হলে তাঁর প্রত্যাবর্তনের পথে প্রশাসনিক বাধা থাকা উচিত কি না।

সীমান্ত পেরিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে গ্রেপ্তার বরণ করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। তবে কোন পথে তিনি দেশে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়। আওয়ামি লিগের দাবি, ডিসেম্বরের মধ্যেই দেশের মাটিতে পা রাখতে চান তাদের নেত্রী। ১৬ ডিসেম্বর সম্ভব না হলেও চলতি ডিসেম্বরেই প্রত্যাবর্তনের লক্ষ্য পূরণ করতে চান শেখ হাসিনা। অন্যদিকে বাংলাদেশের সরকারের তরফে স্পষ্ট, দেশে ফিরলে তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। ফলে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলের নজর এখন আগামী কয়েক দিনের ঘটনাপ্রবাহের দিকে।

Related posts

Leave a Comment