নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া—সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওষুধের ভাণ্ডারেই মিলল চরম গাফিলতির ছবি। রোগীদের চিকিৎসার জন্য মজুত রাখা ওআরএস, ইঞ্জেকশন-সহ একাধিক ওষুধের অধিকাংশেরই মেয়াদ পেরিয়ে গিয়েছে বলে অভিযোগ। বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুর আয়ুষ্মান আরোগ্য নিকেতনে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আচমকা হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমন পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়।
সোমবার আচমকাই কমলপুরের ওই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে হাজির হন বিধায়ক। হাসপাতালের টেবিলে রাখা ওআরএসের প্যাকেট পরীক্ষা করতে গিয়ে প্রথমে তাঁর নজরে আসে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়টি। এরপর হাসপাতালের মজুত ভাণ্ডারে থাকা অন্যান্য ওষুধ এবং ইঞ্জেকশনও পরীক্ষা করেন তিনি। অভিযোগ, সেগুলিরও একাধিকটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। রোগীদের চিকিৎসার জন্য রাখা ওষুধের এমন অবস্থা কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক।
কর্তব্যরত এএনএম কর্মীর কাছে বিষয়টি জানতে চান সত্যনারায়ণ মুখোপাধ্যায়। কিন্তু তাঁর অভিযোগ, স্বাস্থ্যকর্মীর কাছ থেকে সন্তোষজনক কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। এরপরই ফোন করে জেলার স্বাস্থ্য আধিকারিকদের বিষয়টি জানান তিনি। একই সঙ্গে স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিকের নজরদারি নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক। তাঁর বক্তব্য, সরকারি হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ ওষুধের মেয়াদ নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। সেখানে এতগুলি মেয়াদ উত্তীর্ণ ওষুধ কীভাবে মজুত রয়ে গেল, তার জবাবদিহি প্রয়োজন।

উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম নয়। এর আগেও বাঁকুড়ার ইন্দপুরের একটি সরকারি হাসপাতালে পরিদর্শনে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছিলেন বিধায়ক। মাসখানেক আগে সেই ঘটনা সামনে আসার পর হাসপাতালের একাধিক অনিয়ম নিয়ে সরব হয়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ছাতনার কমলপুরে একই ধরনের অভিযোগ ওঠায় সরকারি স্বাস্থ্য পরিষেবার ওষুধ সংরক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এদিকে, হাসপাতাল পরিদর্শনের সময়কার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে, ওই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মীদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কীভাবে এত পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ হাসপাতালের ভাণ্ডারে থেকে গেল, কার দায়িত্বে ওষুধের মেয়াদ পরীক্ষা করার কথা ছিল এবং নিয়মিত নজরদারিতে কোথায় ঘাটতি হয়েছে, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য সাধারণ মানুষ ওষুধের উপর নির্ভর করেন। সেখানে রোগীদের ব্যবহারের জন্য রাখা ওষুধের মেয়াদ পেরিয়ে যাওয়ার অভিযোগ স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে ওআরএস ও ইঞ্জেকশনের মতো চিকিৎসাসামগ্রী সংরক্ষণে এমন গাফিলতির অভিযোগ সামনে আসায় বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি উঠছে।
