July 12, 2026
রাজ্য

বন্দেমাতরম গাইতেই হবে! সংখ্যালঘুদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ঠোঁট না নাড়ালে নজর থাকবে

মেচেদা: রাজ্যে ধর্ম পালনে কোনও বাধা নেই, তবে দেশের প্রতি শ্রদ্ধা জানাতে ‘বন্দেমাতরম’ গাইতেই হবে। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির সাংগঠনিক বৈঠকের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে এমনই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, আইন মেনে প্রত্যেকে নিজের ধর্ম পালন করতে পারবেন, কিন্তু জাতীয় স্বার্থ ও সাংবিধানিক মূল্যবোধের প্রশ্নে কোনও আপস করা হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল মিথ্যা প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বা নমাজ পড়তে দেওয়া হবে না। বাস্তবে তার কিছুই হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, রাজ্যে শান্তিপূর্ণভাবে বকরি ইদ পালিত হয়েছে, মহরমের সময়ও কাউকে ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা দেওয়া হয়নি।

সংখ্যালঘুদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, ‘নিজের ধর্ম নিজে পালন করুন, আইন মেনে চলুন। ডিজে থেকে দূরে থাকুন। তাহলেই কোনও সমস্যা হবে না। কিন্তু বন্দেমাতরম গাইতেই হবে। ঠোঁট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি।’

কলকাতা বিমানবন্দরের কাছে বাঁকড়া মসজিদ সরানোর প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। কলকাতা বিমানবন্দরের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে তিনি জানান, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তই নেওয়া হবে।

এই প্রসঙ্গে নাম না করে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে বলেন, আগের সরকারের সময় যাঁরা প্রশাসনকে ধমক দিতেন, এখন তাঁদের সেই অবস্থান আর নেই।

এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে। তাঁর দাবি, ওই দিনই বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হবে। অতীতে এই দিনে তৃণমূল সরকার ‘খেলা হবে দিবস’ পালন করলেও এবার সেই পরিবর্তে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পকে সামনে রেখে ‘আয়ুষ্মান দিবস’ পালন করবে রাজ্য সরকার।

Related posts

Leave a Comment