November 26, 2026
রাজ্য

বাংলার রাস্তায় যুদ্ধবিমান অবতরণের পরিকল্পনা!

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর— রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২৭ হাজার কোটি টাকার কেন্দ্রীয় সহায়তার ঘোষণা। বৃহস্পতিবার কোলাঘাটের এক অনুষ্ঠানে এই প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন রাস্তা তৈরি এবং পুরনো রাস্তা সম্প্রসারণের পাশাপাশি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সড়কগুলিকে বিশেষভাবে তৈরি করার প্রস্তাবও দেন তিনি। এমনকী অসমের ডিব্রুগড়ের মোরান বাইপাসের মতো বাংলার রাস্তাতেও যাতে প্রয়োজনে যুদ্ধবিমান অবতরণ করতে পারে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির কাছে সেই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দেশের প্রতিরক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় জরুরি পরিস্থিতিতে বিকল্প অবতরণস্থল হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন রাস্তা তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সেই ভাবনারই উদাহরণ অসমের ডিব্রুগড়ের মোরান বাইপাস। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই সড়কে সফল ভাবে অবতরণ করেছিল রাফালে যুদ্ধবিমান। ঘটনাটি দেশজুড়ে বিশেষ নজর কেড়েছিল। সাধারণ সড়ককে কী ভাবে সামরিক প্রয়োজনে ব্যবহার করা যায়, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।



বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠানে সেই প্রসঙ্গই তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বাংলাতেও নতুন করে যে সড়ক তৈরি হবে এবং পুরনো রাস্তার সম্প্রসারণ করা হবে, সেগুলির নির্মাণের সময় সামরিক প্রয়োজনের বিষয়টি মাথায় রাখা দরকার। বিশেষ করে উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্ব বিবেচনা করে এমন রাস্তা তৈরি করা উচিত, যেখানে প্রয়োজনে যুদ্ধবিমান অবতরণ করতে পারে।

এ দিনের অনুষ্ঠানে শিলিগুড়ির জন্য ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনার কথাও উঠে আসে। এই সড়ক উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার পাশাপাশি নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মধ্যে যাতায়াত সহজ করার পাশাপাশি বাণিজ্যিক যোগাযোগেও এই প্রকল্প বিশেষ সুবিধা দেবে।

উত্তরবঙ্গের নিরাপত্তার প্রশ্নেও বিষয়টি গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডর, যা সাধারণভাবে ‘চিকেন নেক’ নামে পরিচিত, দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। একদিকে নেপাল, অন্যদিকে ভুটান ও বাংলাদেশের সীমান্তবর্তী অবস্থানের কারণে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব যথেষ্ট। পাশাপাশি চিন সীমান্তের পরিস্থিতির দিকেও নজর রাখতে হয় প্রতিরক্ষা কর্তৃপক্ষকে।

এই অঞ্চলে ইতিমধ্যেই বাগডোগরা এবং হাসিমারার মতো গুরুত্বপূর্ণ সামরিক ও বায়ুসেনা ঘাঁটি রয়েছে। সেই পরিস্থিতিতে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি জরুরি অবস্থায় বিকল্প ব্যবহারের উপযোগী করে তোলার প্রস্তাব তাৎপর্যপূর্ণ।

কোলাঘাটের অনুষ্ঠান থেকে ২৭ হাজার কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পকে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবেই তুলে ধরা হয়েছে। তবে নতুন রাস্তার কোন কোন অংশে যুদ্ধবিমান অবতরণের উপযোগী পরিকাঠামো তৈরি করা সম্ভব হবে, তা নিয়ে এখনও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ্যে আসেনি। কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরগুলির পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের দিকেই এখন নজর।

Related posts

Leave a Comment