November 26, 2026
দেশ বিদেশ

অমিতাভের ‘জলসা’য় ফের বোমা হামলার হুমকি

মুম্বই— বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে ফের নিরাপত্তার উদ্বেগ। তাঁর বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো হয়েছে ই-মেল। শুধু অমিতাভের বাংলোই নয়, মুম্বইয়ের একাধিক মেট্রো স্টেশন, মেয়র ঋতু তাওড়ে এবং বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনারকেও নিশানা করার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হুমকিবার্তা পাওয়ার পর তৎপর হয়েছে মুম্বই পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি।


সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ একটি হুমকি ই-মেল আসে। পাঞ্জাবি, হিন্দি এবং ইংরেজি— তিনটি ভাষায় লেখা ওই বার্তায় একাধিক জায়গায় বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মুম্বইয়ের মেয়রের দপ্তর এবং আদালতেও হামলার কথা উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। ই-মেলে ২৬ নভেম্বর দুপুর ১টা ১১ মিনিটে মেয়রের দপ্তর এবং বিকেল ৩টের সময় আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, আগামী ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ড্রোন ব্যবহার করে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’য় হামলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। পুলিশ সূত্রের দাবি, ওই ই-মেলে খলিস্তানপন্থী স্লোগানের পাশাপাশি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও রয়েছে। বার্তার শেষে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ এবং ‘বাব্বর খালসা’ নামে দুটি সংগঠনের উল্লেখ করা হয়েছে। তবে হুমকির সত্যতা এবং এর পিছনে কারা রয়েছে, তা এখনও তদন্তসাপেক্ষ।



এখানেই শেষ নয়। মুম্বইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণের হুমকির পাশাপাশি শুক্রবার মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট নিয়েও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওই কনসার্ট বন্ধ না করলে আগামী ৩০ দিন ধরে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা চালানো হবে বলে ই-মেলে দাবি করা হয়েছে। শহরের একাধিক মেট্রো স্টেশনেও বিস্ফোরণের আশঙ্কার কথা জানানো হয়েছে।

একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, জনবহুল পরিবহণ কেন্দ্র এবং বিনোদনমূলক অনুষ্ঠানের নাম উঠে আসায় নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ২৬ নভেম্বর ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার ১৮ বছর পূর্তির আবহে এই হুমকি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হুমকি ই-মেলের উৎস, প্রেরকের পরিচয় এবং বার্তায় উল্লেখ করা সংগঠনগুলির সঙ্গে কোনও বাস্তব যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই হুমকির জেরে অমিতাভ বচ্চনের বাসভবন থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment