28 C
Kolkata
September 18, 2026
রাজ্য

‘তৃণমূল মৃত, নির্মূল’, জোড়াফুল হারানো নিয়ে মমতাকে নিশানা শমীকের

সংবাদ কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে তৃণমূলের দলীয় নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কোনও শিবিরই আগামী উপনির্বাচনে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম বা দলের সংরক্ষিত ‘জোড়া ঘাসফুল’ প্রতীক ব্যবহার করতে পারবে না। দুই গোষ্ঠীকেই বিকল্প নাম ও প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত ঘিরেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন, ‘এটা উপরওয়ালার বিচার।’

এর পরেই তৃণমূলকে আক্রমণের সুর আরও চড়ান শমীক। তাঁর বক্তব্য, ‘সিঁদুর, আলতায় পদ্মফুলের ছবি থাকলে তা বিক্রি করা যাবে না। উত্তর ২৪ পরগনা জুড়ে, বারাকপুর জুড়ে এই ফতোয়া একসময় জারি করেছিল তৃণমূল। আর তৃণমূলের প্রতীক থাকল কী গেল, তাতে মানুষের কিছু এসে যাবে না।’


এর পরেই তৃণমূলকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘তৃণমূল বলে কোনও পার্টি নেই। তৃণমূল মৃত। তৃণমূল নির্মূল।’ শমীকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর তৈরি হয়েছে।

নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনকে সামনে রেখেই তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে, দুই পক্ষই নিজেদের বৈধ তৃণমূল বলে দাবি করায় আপাতত কোনও গোষ্ঠীকেই পুরনো দলীয় নাম ও সংরক্ষিত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। চূড়ান্ত সিদ্ধান্তের আগে দুই শিবিরকে পৃথক পরিচয়ে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়ার কথাই জানিয়েছে কমিশন।

কমিশনের নির্দেশ অনুযায়ী, শুক্রবার সকাল ১১টার মধ্যে দুই গোষ্ঠীকে পছন্দের তিনটি নাম এবং তিনটি করে প্রতীকের তালিকা জমা দিতে বলা হয়। সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নিজেদের প্রস্তাব কমিশনের কাছে পাঠায়।

মমতা শিবিরের তরফে কমিশনের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানানো হলেও উপনির্বাচনে লড়াইয়ের স্বার্থে বিকল্প নাম ও প্রতীক পাঠানো হয়েছে বলে জানা যায়। অন্যদিকে ঋতব্রত শিবিরের তরফেও বিকল্প নাম ও প্রতীকের তালিকা জমা দেওয়া হয়।


এই পরিস্থিতিতে শমীক ভট্টাচার্যের ‘তৃণমূল মৃত, তৃণমূল নির্মূল’ মন্তব্য রাজনৈতিক বিতর্ক আরও বাড়িয়েছে। তবে নির্বাচন কমিশনের বর্তমান সিদ্ধান্তটি অন্তর্বর্তী। তৃণমূলের নাম ও প্রতীকের চূড়ান্ত অধিকার নিয়ে কমিশনের পৃথক প্রক্রিয়া এখনও বাকি।

Related posts

Leave a Comment