সংবাদ কলকাতা:— প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ করছে বিজেপি। এই কর্মসূচির শেষ দিনে, আগামী ৭ অক্টোবর দেশজুড়ে ‘সেবা জ্যোতি যাত্রা’র আয়োজন করার পরিকল্পনা নিয়েছে দল। বাংলার ২৩টি প্রশাসনিক জেলাতেও ওই দিন পদযাত্রা হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
সোমবার সাংবাদিক বৈঠকে শমীক জানান, ৭ অক্টোবরের কর্মসূচির সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ভাষণের মাধ্যমে। রাজ্যের প্রতিটি জেলা সদরে জায়ান্ট স্ক্রিন বসিয়ে সেই ভাষণ শোনানোর ব্যবস্থা করা হবে। প্রকাশ্য স্থান থেকে শুরু করে ইনডোর স্টেডিয়ামেও কর্মসূচির আয়োজন হবে বলে বিজেপি সূত্রে খবর।
শমীক বলেন, ‘২৫ বছর একটানা সরকারের প্রধান পদে থাকা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিরল ঘটনা। ৭ অক্টোবর দেশজুড়ে সেবা জ্যোতি যাত্রা করব আমরা।’ তাঁর দাবি, বাংলার প্রতিটি জেলাতেও বিজেপি কর্মী-সমর্থকেরা মশাল হাতে পদযাত্রায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পরই শুরু হবে ‘সেবা জ্যোতি যাত্রা’। মশাল হাতে পদযাত্রায় অংশ নেবেন বিজেপির নেতা-কর্মীরা। দলের রাজ্য সভাপতির দাবি, শুধু বিজেপি কর্মী-সমর্থক নন, সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যুক্ত করার চেষ্টা করা হবে।
এর পাশাপাশি পুরভোটের আগে জনসংযোগ বাড়াতে বুথভিত্তিক কর্মসূচির উপরও জোর দিচ্ছে বঙ্গ বিজেপি। পুজোর মরশুম থেকে নভেম্বর পর্যন্ত বুথস্তরে ধারাবাহিক প্রচারের জন্য আট দফা নির্দেশিকা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
বিজেপি নেতৃত্বের মতে, নিচুতলায় জনসংযোগ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। সেই কারণেই বুথকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ‘সেবা ক্যাম্প’-এর মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি। দলের বিধায়ক, জেলা সভাপতি এবং স্থানীয় নেতারা সেই ক্যাম্পগুলিতে অংশ নিয়ে জনসংযোগ করছেন। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের দাবি, ‘সেবা সেতু’ ক্যাম্পে নাগরিকেরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
পুরভোটের আগে বুথস্তরে সংগঠনকে আরও সক্রিয় করা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোই এই কর্মসূচিগুলির অন্যতম লক্ষ্য বলে বিজেপি সূত্রে খবর। ফলে ৭ অক্টোবরের ‘সেবা জ্যোতি যাত্রা’র পাশাপাশি আগামী কয়েক সপ্তাহ বাংলার বিভিন্ন এলাকায় বিজেপির ধারাবাহিক কর্মসূচি চলবে।
