নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর— সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের হাতে ধরা পড়লেন ২৫ জন বাংলাদেশি নাগরিক। তাঁদের সঙ্গে এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে বলে খবর। মঙ্গলবার ভোরে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশি নাগরিকদের নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ। কাজের সূত্রে তাঁদের কেউ কেউ কাশ্মীরেও গিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। তাঁদের কাছে বৈধ নথিপত্র ছিল না বলেও অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, সোমবার রাতে ওই ২৫ জন লোহাগঞ্জের পঞ্চনগর এলাকায় জড়ো হন। সেখান থেকে কুশমন্ডি হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যাওয়ায় তাঁরা আশপাশের ধানখেতে লুকিয়ে পড়ার চেষ্টা করেন বলে অভিযোগ।

এক স্থানীয় যুবকের দাবি, মঙ্গলবার ভোরে তাঁর মা বাড়ির পিছনে একসঙ্গে বেশ কয়েকজন অপরিচিত মানুষকে দেখতে পান। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন। ওই ব্যক্তিই বাংলাদেশিদের সীমান্ত পার করানোর কাজে যুক্ত ভারতীয় দালাল বলে সন্দেহ করা হয়। এরপর বিএসএফ ও পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। তল্লাশি চালিয়ে ২৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করার পাশাপাশি এক ভারতীয় দালালকেও আটক করা হয় বলে জানা গিয়েছে। পরে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশিদের নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার খবর পেয়ে এলাকায় যান কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। তিনি বলেন, ‘দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকটি সীমান্ত লাগোয়া এলাকা। বেশ কিছু অপরিচিত মানুষকে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন। বর্তমানে ওই বাংলাদেশিরা বিএসএফের তত্ত্বাবধানে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
ধৃতদের পরিচয়, ভারতে তাঁদের অবস্থান এবং কীভাবে তাঁরা সীমান্ত এলাকায় পৌঁছলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের সীমান্ত পারাপারে আর কেউ যুক্ত ছিল কি না, সেই বিষয়টিও তদন্তকারীরা দেখছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
