ভারতের রক্ষিতা রামরাজ দুর্দান্ত প্রত্যাবর্তন করে স্বদেশি শাটলার তন্বী শর্মাকে হারিয়ে কোরিয়া মাস্টার্স ২০২৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। শুক্রবার আসান ই সুন-সিন জিমনেশিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তিনি ১৮-২১, ২১-১৯, ২১-১৯ গেমে জয় তুলে নেন।
ম্যাচের শুরুটা ছিল তন্বীর দখলে। প্রথম গেম জিতে সেমিফাইনালের পথে এগিয়ে গিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় গেম থেকে ঘুরে দাঁড়ান রক্ষিতা। টানটান লড়াইয়ের পর দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরানোর পাশাপাশি নির্ণায়ক গেমেও স্নায়ুর চাপ সামলে জয় নিশ্চিত করেন তিনি।এই জয়ের ফলে তন্বীর বি
রুদ্ধে মুখোমুখি লড়াইয়ে রক্ষিতার রেকর্ড দাঁড়াল ৪-০। একই সঙ্গে আন্তর্জাতিক সার্কিটে তন্বীর দুর্দান্ত অভিযানেরও ইতি ঘটল।
সেমিফাইনালে রক্ষিতার সামনে অপেক্ষা করছে আরও একটি অল ইন্ডিয়া লড়াই। তিনি মুখোমুখি হবেন অশ্মিতা চালিহার। কোয়ার্টার ফাইনালে অশ্মিতা শীর্ষ বাছাই জাপানের হিনা আকেচিকে ২০-২২, ২১-১৫, ২১-১৯ গেমে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, মহিলাদের ডাবলস ও মিক্সড ডাবলসে ভারতের অভিযান শেষ হয়েছে। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে সোনালি সিং ও ঋতিকা ঠাকের জাপানের সুমিরে নাকাদে ও মিয়ু তাকাহাশির কাছে সরাসরি গেমে হেরে বিদায় নেন।
মিক্সড ডাবলসেও ষষ্ঠ বাছাই ইশান ভাটনাগর ও শ্রুতি মিশ্র দক্ষিণ কোরিয়ার শিন তে-ইয়াং ও কিম ইউ জুংয়ের কাছে তিন গেমের লড়াইয়ে পরাজিত হন।
তবে পুরুষদের ডাবলসে ভারতের আশা এখনও জিইয়ে রয়েছে। পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় ও কৃষ্ণ প্রসাদ গারাগা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন মালয়েশিয়ার মান ওয়েই চং ও সোহ উই ইয়িক জুটির।
